শ্বশুরবাড়ি গিয়েই মারধরের শিকার নববধূ, মৃত্যু
বিয়ের তিন দিন পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন রাজধানীর খিলক্ষেতের বাসিন্দা মনিরা পারভীন (২২)। সেখানে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হন তিনি। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় খিলক্ষেত থানার পুলিশ মনিরার স্বামী নাছির উদ্দিনসহ দুজনকে আটক করেছে। পুলিশের ভাষ্য, নাছির উদ্দিন অপহরণ করেই মনিরাকে বিয়ে করেছিলেন। তবে মনিরার পরিবার বলছে, সম্পর্ক করে পরিবারের অমতে তাঁরা বিয়ে করেছিলেন।
মনিরার এক বোন প্রথম আলোকে বলেন, তাঁদের বাসা খিলক্ষেত থানার বড়ুয়া পশ্চিম পাড়ার লাহনিয়া এলাকায়। একই এলাকায় নাছির উদ্দিনের বাসা। দুজনই খিলক্ষেতে স্থানীয় পৃথক দুটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তবে তাঁরা লেখাপড়ায় ছিলেন অনিয়মিত।
হাবিবা বলেন, তিন-চার বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ১৭ জুন সবার অগোচরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিন দিন বিভিন্ন জায়গায় থাকার পর ২১ জুন মনিরাকে নিয়ে নাছির নিজ বাসায় যান। সেখানে নাছিরের ভাই মাসুদ, বোন হাসিনা, হাসিনার স্বামী মিলন, মিলনের ভাই দেলোয়ার হোসেন, ফুফু মনোয়ারা বেগমসহ শ্বশুরবাড়ির বেশ কয়েকজন নাছিরকে মারধর করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। এরপর তাঁরা মনিরার ওপর হামলা করেন। এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে মনিরা অচেতন হয়ে যান। পরে খবর পেয়ে মনিরার পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল আটটার দিকে তিনি মারা যান।
হাবিবা বলেন, তাঁদের পরিবার দরিদ্র হওয়ায় নাছিরের পরিবার এ সম্পর্ককে মেনে নেয়নি।
গতকাল বিকেলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, নাছির অপহরণ করে মনিরাকে বিয়ে করেছিলেন। তাই তাঁকেসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
কিশোর হত্যা: এদিকে রাজধানীর রমনা থানা এলাকায় মারধরে গুরুতর আহত হয়ে মারা গেছে আবদুর রহমান (১৭) নামের এক কিশোর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মারধরে নিহত আবদুর রহমান রাজধানীর মালিবাগে মৌচাক মার্কেটে একটি কাপড়ের দোকানে চাকরি করত। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে অন্য একটি দোকানের কর্মচারী সবুজ তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আহত অবস্থায় আবদুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবুজ পলাতক। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।