শ্বশুরবাড়িতে নববধূর ওপর নির্যাতন, পরিণামে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের তিন দিন পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন রাজধানীর খিলক্ষেতের বাসিন্দা মনিরা পারভীন (২২)। সেখানে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হন তিনি। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় খিলক্ষেত থানার পুলিশ মনিরার স্বামী নাছির উদ্দিনসহ দুজনকে আটক করেছে। পুলিশ জানায়, নাছির উদ্দিন অপহরণ করে মনিরাকে বিয়ে করেছিলেন। তবে মনিরার পরিবার জানায়, সম্পর্ক করে পরিবারের অমতে তাঁরা বিয়ে করেছিলেন।

মনিরার বোন হাবিবা আক্তার প্রথম আলো ডটকমকে জানান, তাঁদের বাসা খিলক্ষেত থানার বড়ুয়া পশ্চিমপাড়ার লাহনিয়া এলাকায়। একই এলাকায় নাছির উদ্দিনের বাসা। তিনি জানান, মনিরা ও নাছির খিলক্ষেতে স্থানীয় দুটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তবে তাঁরা লেখাপড়ায় ছিলেন অনিয়মিত।

হাবিবা বলেন, তিন-চার বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। ১৭ জুন সবার অগোচরে তাঁরা বিয়ে করেন। তিন দিন বিভিন্ন জায়গায় থাকার পর ২১ জুন মনিরাকে নিয়ে নাছির নিজ বাসায় যান। সেখানে নাছিরের ভাই মাসুদ, বোন হাসিনা, হাসিনার স্বামী মিলন, মিলনের ভাই দেলোয়ার হোসেন, ফুফু মনোয়ারা বেগমসহ শ্বশুরবাড়ির বেশ কয়েকজন নাছিরকে মারধর করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। এরপর তাঁরা মনিরার ওপর হামলা চালান। তিনি বলেন, এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে মনিরা অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে তাঁরা (মনিরার পরিবার) মনিরাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ সকাল আটটার দিকে মনিরা মারা যান।

হাবিবা আরও বলেন, তাঁদের পরিবার নাছিরদের চেয়ে দরিদ্র। এ কারণে এ সম্পর্ক নাছিরের পরিবার মেনে নিচ্ছিল না।

আজ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে মনিরার স্বামী নাছির উদ্দিনও সাংবাদিকদের কাছে ঘটনার একই বর্ণনা দেন।

তবে আজ বিকেলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, নাছির অপহরণ করে মনিরাকে বিয়ে করেছিলেন। তাই তাঁকেসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

দোকানের কর্মচারী হত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মারধরের কারণে আজ বিকেলে রাজধানীর মৌচাক মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী আবদুর রহমান মারা গেছেন। বেলা সাড়ে তিনটার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে অন্য একটি দোকানের কর্মচারী সবুজ তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। আহত অবস্থায় আবদুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবুজ পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনজনের অপমৃত্যু

রাজধানীর পৃথক স্থানে গত দুই দিনে তিনজনের অপমৃত্যু হয়েছে। আজ কাফরুল থানার সি ব্লকের তিন নম্বর সড়কের এক বাসা থেকে অন্তু রানি সাহা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গতকাল রাতে তুরাগ থানার বেড়িবাঁধের রুস্তমপুর এলাকায় গাড়ির ধাক্কায় মারা যান অজ্ঞাতনামা এক নারী (৪০)। একই দিন কমলাপুর রেলওয়ে থানা পুলিশ সেনাকুঞ্জ এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৩৫) ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে।

সবার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।