শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বশুরবাড়ি থেকে সিলেটের ওসমানীনগর থানা আওয়ামী লীগের এক নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম জবেদ আলী (৫২)। গতকাল শুক্রবার বিকেলে ওসমানীনগরের মাধবপুর গ্রামে শ্বশুর কাচা মিয়ার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
জবেদ ওসমানীনগরের উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে জবেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ছানা মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে। তিনি নিহত জবেদের সম্পর্কে চাচাশ্বশুর।
পুলিশ ও এলাকার অনেক জানান, জবেদ স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গত বৃহস্পতিবার স্ত্রী-সন্তান অন্যত্র বেড়াতে গেলে তিনি বাড়িতে একা ছিলেন। দুপুরের দিকে বাড়ির একজন গৃহকর্মী বাড়ির সামনের দরজা দিয়ে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে রান্নাঘরের দরজা দিয়ে ঘরে ঢোকেন। এ সময় ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় জবেদকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের জানান।
খবর পেয়ে পুলিশ বিকেল চারটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রান্নাঘরের দরজা দিয়ে ঘরে ঢুকে জবেদের হাত-পা বেঁধে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে।
জবেদের ভাই জমির আলী অভিযোগ করেন, তাঁর ভাইয়ের শ্বশুর মারা যাওয়ার পর থেকে সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ ছিল। জবেদের শ্বশুরের জায়গা নিয়ে তাঁর ভাইদের মধ্যে বিরোধ থাকায় জবেদও ছিলেন তাঁদের প্রতিপক্ষ। এ বিরোধ থেকে তাঁকে হত্যা করে ঘরে থাকা জমির দলিলপত্রসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের চিহ্নিত করতে ছানা মিয়াকে আটক করা হয়েছে।