শ্বশুরবাড়ি থেকে লাশ হয়ে ফিরলেন যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে শ্বশুরবাড়ির লোকজনের হামলায় হুমায়ুন ভূঁইয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাড়ি বরগুনার বামনা উপজেলার সোনাখালী গ্রামে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন বছর আগে বামনা উপজেলার সোনাখালী গ্রামের হুমায়ুন এবং মঠবাড়িয়ার তুষখালী গ্রামের সুরমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। গত মঙ্গলবার রাতে হুমায়ুন সুরমাকে মারধর করলে তিনি বাবার বাড়িতে চলে যান। এ সময় হুমায়ুনও স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে যান। নিহতের পরিবার অভিযোগ করেছে, সুরমাকে নির্যাতনের জের ধরে বৃহস্পতিবার দুপুরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হুমায়ুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হুমায়ুনকে পিটিয়ে আহত করে তাঁর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। পরে মুমূর্ষু অবস্থায় হুমায়ুনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিকেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা পিয়ারা বেগম বাদী হয়ে হুমায়ুনের স্ত্রী ও শ্বশুর রাজু হাওলাদারসহ আটজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুর লাশ উদ্ধারমঠবাড়িয়ার গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রাম থেকে পুলিশ গত বৃহস্পতিবার রাতে রাবেয়া আক্তার (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে। সে একই গ্রামের দিনমজুর লাল মিয়া হাওলাদারের মেয়ে। লাল মিয়া জানান, বৃহস্পতিবার সকালে রাবেয়া তাঁর মামার বাড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশ রাত দুইটার দিকে প্রতিবেশী কুদ্দুস তালুকদারের শৌচাগারের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। শিশুটির পরিবার অভিযোগ করেছে, পূর্বশত্রুতার জের ধরে কুদ্দুস তালুকদার ও তাঁর লোকজন রাবেয়াকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকের ভেতর গুম করে রেখেছিল। এ ঘটনায় কুদ্দুস তালুকদারকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে।