শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে লাশ হলেন এক যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে কুমিল্লায় শ্বশুরবাড়ির লোকজনের হাতে এক ব্যক্তির খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর গ্রামের বটতলী বাজার এলাকা থেকে আরিফ হোসেন (২৬) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ২০০৬ সালে উপজেলার খাটলা গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের সঙ্গে কৃষ্ণপুর গ্রামের মণি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে কলহ চলছিল। গত সোমবার দুপুরে আরিফ শ্বশুরবাড়ি বেড়াতে যান। বিকেলে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে শ্বশুরবাড়ির লোকজন আরিফকে মারধর করে। রাতে শ্বশুরবাড়ির লোকজন আরিফের বাবা বাসারকে মুঠোফোনে জানায়, আরিফ বিষের বোতল নিয়ে ঘোরাঘুরি করছেন। সকালে তাঁর লাশ শ্বশুরবাড়ির অদূরে রাস্তার পাশে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।