শ্বশুরবাড়িতে গৃহবধূ অগ্নিদগ্ধ
গোপালগঞ্জের সদর উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে গত রোববার রাত আটটার দিকে মিনারা বেগম (১৫) নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে আগুনে ঝলসে গেছেন।খবর পেয়ে ওই রাতেই মিনারার মা ও বাবা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন।মিনারা বেগমের মা শোভা বেগম জানান, ছয় মাস আগে পুকুরিয়া গ্রামের বুলু শেখের ছেলে রাজীব শেখের সঙ্গে মিনারার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিনারার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। গত রোববার রাতে রাজীবের সঙ্গে মিনারার ঝগড়া হয়। এরপর রাত আটটার দিকে মিনারার শরীরে আগুন লাগে। তবে রাজীব ও তাঁর পরিবার জানিয়েছে, মিনারা নিজেই নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে।গোপালগঞ্জের পুলিশ সুপার মনির হোসেন বলেন, আগুনে ঝলসে যাওয়ার পর কেন তাঁকে স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে পাঠাল না? কেন মা-বাবাকে গিয়ে মিনারাকে উদ্ধার করতে হলো? পুলিশ এসব তদন্ত করছে।