শ্বশুরবাড়িতে ঘরজামাইকে হত্যার অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরবাড়িতে আবুল খায়ের (২৮) নামের এক ঘরজামাইকে নির্যাতন করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চরজব্বার থানার পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে। এর পর ময়নাতদন্তের জন্য লাশ গতকাল বৃহস্পতিবার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বিকেলে একই ইউনিয়নের চরবাগ্গা গ্রামে নিহত আবদুল খায়েরের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।নিহত আবুল খায়েরের বাবা কামাল উদ্দিন জানান, পাঁচ-ছয় বছর আগে পশ্চিম চরজব্বার গ্রামের সিরাজ মিয়ার মেয়ে বিবি কুলছুমের সঙ্গে তাঁর ছেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে খায়ের শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছে। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রী ও শ্বশুরের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর জের ধরে শ্বশুরবাড়ির লোকজন একাধিকবার খায়েরকে মারধর করে, যা স্থানীয় সালিসি বৈঠকে মীমাংসা হয়। কামাল উদ্দিন অভিযোগ করেন, বুধবার দুপুরে তাঁর ছেলে খায়েরের সঙ্গে স্ত্রী কুলছুমের ঝগড়া হয়, যার জের ধরে শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন করে হত্যার পর খায়ের আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়। কিন্তু ছেলের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে তাঁরাও আঘাতের চিহ্ন দেখেছেন।অন্যদিকে খায়েরের স্ত্রী বিবি কুলছুম দাবি করেন, বুধবার ১১টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্বামী তাঁকে কয়েকটি লাথি দিয়ে ঘর থেকে বের করে দেন। এর পর তিনি পুকুরঘাটে যান। ফিরে এসে স্বামীকে গলায় গামছা পেঁচিয়ে ঘরের ভেতর ঝুলতে দেখেন। তখন চিৎকার দিলে আশপাশের লোকজন তাঁকে ফাঁস কেটে নামিয়ে মৃত অবস্থায় দেখতে পান। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই পরিবারের লোকজন ফাঁস কেটে নিহত ব্যক্তিকে নিচে নামিয়ে ফেলে। অন্যদিকে নিহতের বাবা অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে লাশের গলায় সামান্য কালো দাগ রয়েছে।