শ্বশুরবাড়িতে জঙ্গি আসাদুলের লাশ দাফন
ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসি কার্যকরের পর তাঁর লাশ শ্বশুরবাড়িতে দাফন করা হয়েছে। আসাদুলের শেষ ইচ্ছা অনুযায়ী বাগেরহাটের মোল্লারহাট উপজেলার উদয়পুর উত্তর কান্দী গ্রামে শ্বশুরবাড়িতে গতকাল রোববার রাতেই দাফন সম্পন্ন হয়।
জঙ্গি আসাদুলের চাচাতো ভাইয়ের ছেলে মো. জামাল প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১০টা ৩০ মিনিটে আসাদুল ইসলাম আরিফের ফাঁসি কার্যকরের পর কড়া নিরাপত্তায় রাত পৌনে একটার দিকে তাঁর মরদেহ উদয়পুর উত্তর কান্দী গ্রামে আনা হয়। রাত দেড়টার দিকে উদয়পুর উত্তর কান্দী কেন্দ্রীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
উদয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. কামরুজ্জামান মোল্লা বলেন, লাশ গ্রামে আনার পর কবরস্থান প্রাঙ্গণে আসাদুলের জানাজা শেষে পুলিশ প্রহরায় দাফন সম্পন্ন হয়। তাঁর শ্বশুর কাওসার মোল্লার আবেদন ও আসাদুলের শেষ ইচ্ছা অনুযায়ী এই গ্রামে লাশ দাফন করা হয়েছে।
এর আগে গতকাল বেলা দুইটায় খুলনা কেন্দ্রীয় কারাগারে আসাদুলের ছয় বোন, এক ভগ্নিপতিসহ পরিবারের ১৭ জন তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আসাদুল তেমন কথা বলেননি। শুধু তাঁর জন্য দোয়া করতে বলেন বলে জানান তাঁর স্বজনেরা।
জঙ্গি আসাদুলের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের বড় ভাই বিশ্বনাথ পাঁড়ে। গতকাল রাতে আসাদুলের ফাঁসি কার্যকর হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে জানার পর প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার ভাইকে চিরতরে হারিয়েছি। তাঁকে আর ফিরে পাব না। তবে এ রায় কার্যকর হওয়ায় আমরা সন্তুষ্ট হয়েছি।’
২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হন। ওই ঘটনায় জেএমবির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়। আদালত ২০০৬ সালের ২৯ মে চাঞ্চল্যকর ওই মামলায় জেএমবির সাত জঙ্গিকে ফাঁসির দণ্ড দেওয়ার পর ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে ছয় জঙ্গির ফাঁসি কার্যকর হয়। কিন্তু আসাদুল ইসলাম পলাতক ছিলেন।
২০০৭ সালের ১০ জুলাই আসাদুল ইসলাম ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হন। ওই বছর জুলাই মাসে হাইকোর্টে আপিল করেন তিনি। শুনানি শেষে হাইকোর্ট তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে আপিল বিভাগেও একই সাজা বহাল থাকে। আপিল বিভাগের দেওয়া মৃত্যুদণ্ড বহালের রায় পুনর্বিবেচনার জন্য আরিফ যে আবেদন করেছিলেন, গত ২৮ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দেন। গতকাল রাতে আসাদুল ইসলামের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে এই মামলায় ফাঁসির দণ্ড পাওয়া সব আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো।