শ্বশুরবাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা স্ত্রী গ্রেপ্তার
ফেনীর পরশুরাম উপজেলায় আহাম্মদ উল্যাহ ওরফে মানিক (২৬) নামের এক ব্যক্তিকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার পৌর এলাকার বাউর পাথর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহাম্মদের স্ত্রী শাহেনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ বছর আগে ওই গ্রামের হুদা মিয়ার ছেলে আহাম্মদের সঙ্গে একই গ্রামের ইমাম হোসেনের মেয়ে শাহেনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আহাম্মদের ঝগড়া হতো। এক সপ্তাহ আগে শাহেনা স্বামীর সঙ্গে ঝগড়া করে তাঁর বাপের বাড়ি চলে যান। সোমবার রাত নয়টার দিকে আহাম্মদ শ্বশুরবাড়িতে যান। সেখানে আহাম্মদের সঙ্গে শাহেনার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি শাহেনাকে মারধর করেন। এ সময় শাহেনার বাবা ও ভাই আহাম্মদকে বাধা দিলে তিনি বাড়ির সবাইকে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন। একপর্যায়ে শাহেনা ও তাঁর ভাই জসীম উদ্দিনসহ বাড়ির অন্য লোকজন আহাম্মদকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা হুদা মিয়া গতকাল মঙ্গলবার আহাম্মদের স্ত্রী শাহেনা, শ্বশুর ইমাম হোসেন, শাশুড়ি মায়েনা আক্তার ও শ্যালক জসীম উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। গতকাল দুপুরে পুলিশ শাহেনা আক্তারকে গ্রেপ্তার করেছে।পুলিশ হেফাজতে শাহেনা আক্তার এ প্রতিবেদককে জানান, তাঁর স্বামী আহাম্মদ নেশাগ্রস্ত ছিলেন। কয়েক দিন আগে একটি মাদকের মামলায় তিনি জেল থেকে ছাড়া পান। ওই দিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় আহাম্মদ তাঁর বাপের বাড়ির লোকজনকে পিটিয়ে আহত করেন।পরশুরাম থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।