শ্বশুরবাড়িতে জামাইকে হত্যার অভিযোগ
ফেনী সদর উপজেলার দক্ষিণ মাইজবাড়িয়া গ্রামের শ্বশুরবাড়িতে বেলাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গত শনিবার রাতে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বেলালের বাড়ি ফেনী সদর উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্র জানায়, বেলাল প্রায় ১২ বছর আগে দক্ষিণ মাইজবাড়িয়া গ্রামের জরিনা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতে জমি কিনে পৃথক ঘর করে বসবাস শুরু করেন।
বেলালের বাবা বসির আহমঞ্চদের অভিযোগ, গত কয়েক বছরে শ্বশুর পক্ষের লোকজন ছোটখাটো অজুহাতে বেলালকে একাধিকবার মারধর করে। এ নিয়ে কয়েকবার সালিস বৈঠকও হয়। গত শনিবার রাতে শ্বশুর পক্ষের লোকজন পিটিয়ে তাঁর একটি হাত ও একটি পা ভেঙে দেয়। একপর্যায়ে বেলালকে শ্বাসরোধে হত্যা করে। পরে তাঁর লাশ ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগে ফেলে যায়। অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে বেলালের শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, শ্বশুর পক্ষের লোকজন বেলালকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি জানান, বেলালের শ্বশুরবাড়ির লোকজন পলাতক।