শ্বশুরবাড়িতে মৃত্যু, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে গত সোমবার রাতে মো. নূর নবী (৩২) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন এ মৃত্যুকে স্বাভাবিক বলে দাবি করলেও নূর নবীর পরিবার তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে সোনাগাজী থানায় মামলা করেছে। পুলিশ নূর নবীর স্ত্রী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে, সদর উপজেলার কালীদহ ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নূর নবী কয়েক বছর আগে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামের সামছুল হকের মেয়ে রোজিনা আক্তারকে (২৬) বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর তিনি সৌদি আরব চলে যান। দুই মাস আগে তিনি দেশে ফেরেন। গত সোমবার তিনি শ্বশুরবাড়ি বেড়াতে যান।সামছুল হক বলেছেন, নবী রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলেন। গতকাল মঙ্গলবার ভোরে তাঁকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। তবে নবীর বড় ভাই মাহমুদুল হক মামলার এজাহারে অভিযোগ করেছেন, নবী বিদেশে থাকার সময় তাঁর স্ত্রী রোজিনা এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। নবী দেশে ফেরার পর থেকে এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। মাহমুদুল হকের অভিযোগ, রোজিনা আক্তার ও তাঁর পরিবার নবীকে বালিশ চাপা দিয়ে অথবা অন্য কোনো উপায়ে শ্বাসরোধে হত্যা করেছেন। তিনি মামলায় রোজিনা আক্তার, সামছুল হকসহ পাঁচজনকে আসামি করেছেন।পুলিশ গতকাল দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং রোজিনা আক্তার ও শ্বশুর সামছুল হককে গ্রেপ্তার করেছে।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নবীর মৃত্যু স্বাভাবিক, নাকি তাঁকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।