শ্বশুরবাড়িতে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল কুদ্দুস ফকির ও মাশহুদা খাতুন স্বামী-স্ত্রী। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। গত শুক্রবার রাতে মাশহুদার পরিবারের লোকজন বৈঠক করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দুজনকে আলাদা থাকার নির্দেশ দেন। বিষয়টি মেনে নিতে পারেননি কুদ্দুস। তাই গতকাল শনিবার ভোরে তিনি মাশহুদাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেন।সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামে মাশহুদার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। মাশহুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে প্রথম বর্ষে পড়তেন। বেগম রোকেয়া হলের আবাসিক ছাত্রী ছিলেন তিনি। কুদ্দুস রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তাঁর বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার নীলকণ্ঠপুর গ্রামে। সাতক্ষীরা থানায় কুদ্দুস জানান, ২০১১ সালের ১১ জুন মাশহুদার সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তাঁরা কিছুদিন একসঙ্গে বাইরে থাকেন। সম্প্রতি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ও মাশহুদা বেগম রোকেয়া হলে উঠেছেন। বিশ্ববিদ্যালয়ের ছুটিতে মাশহুদা খানপুরে চলে আসেন। তিনি (কুদ্দুস) শুক্রবার শ্বশুরবাড়িতে আসেন। কুদ্দুসের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যার দিকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন বৈঠক করে তাঁকে জানিয়ে দেন, পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মাশহুদা ও তাঁকে আলাদা থাকতে হবে। এ সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারেননি। ওই রাতে মাশহুদা মায়ের ঘরে ঘুমান। রাত ১২টার দিকে তিনি মুঠোফোনের মাধ্যমে মাশহুদাকে ডেকে আনেন। এ সময় তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। ভোর চারটার দিকে গলায় ওড়না পেঁচিয়ে মাশহুদাকে হত্যা করেন তিনি। সকালে তিনি সাতক্ষীরা সদর থানায় আত্মসমর্পণ করেন। মাশহুদার চাচা আবদুল্লাহ-হেল-গালিব জানান, মাশহুদার বাবা কিছুদিন আগে মারা গেছেন। ঢাকায় মেয়েজামাইকে বাসা ভাড়া করে রাখার মতো সংগতি তাঁদের নেই। তাই পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তাঁদের আলাদা থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মাশহুদার লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। কুদ্দুস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।