শ্বশুরবাড়ির দাবি হূদেরাগ, চিকিৎসকের নথিতে বিষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলায় শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে শাহীনা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৪ এপ্রিল বিকেলে শাহীনাকে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যায় তিনি মারা যান। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শাহীনার পরিবারের দাবি, তাঁদের মেয়ে নির্যাতনের শিকার। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ এইচ এম রেজওয়ানুল কবির বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেন। তিনি জানান, মেয়েটির মুখে বিষের গন্ধ ছিল। রোববার ডিমলার ছাতনাই বালাপাড়ায় শাহীনা আক্তারের বাবার বাড়িতে গিয়ে দেখা গেল, মেয়ের মৃত্যুশোকে শয্যাশায়ী মা ছকিনা বেগমকে স্যালাইন দেওয়া হচ্ছে। শাহীনার বাবা শাহজাহান আলী (৫০) বলেন, ‘আমরা গরিব বলে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে নির্যাতন করত। শাহীনা লেখাপড়া করে, সেটা তাদের পছন্দ নয়। তারা আমার মেয়েকে মেরে মুখে বিষ ঢেলে দিয়েছে। এখন টাকা দিয়ে সবার মুখ বন্ধ করার চেষ্টা চলছে। আমাকেও লোক মারফত টাকার প্রস্তাব দিয়েছে। আমি টাকা চাই না, আমার মেয়ে হত্যার বিচার চাই।’ শাহজাহান আলীর পাঁচ মেয়ে ও এক ছেলে। সবার বড় ছিলেন শাহীনা আক্তার। শাহীনা ২০০৯ সালে ডিমলা জনতা কলেজ থেকে এইচএসসি পাস করে অনার্স পড়ার জন্য ২০১০ সালে রংপুরে একটি মেসে থেকে কোচিং করেন, যার খরচ বহন করেন তাঁর দরিদ্র দিনমজুর বাবা।ছাতনাই বালাপাড়া গ্রামের আবুল কালাম বলেন, শাহজাহান স্ত্রীকে নিয়ে দিনমজুরি করে ছেলেমেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন। তাঁর স্ত্রীর নামে একটি ভিজিএফের কার্ডও ছিল। তাঁর মেয়ের বিয়েতে এলাকাবাসী চাঁদা তুলে জামাইকে ৬২ হাজার টাকায় একটি মোটরসাইকেলও কিনে দিয়েছেন। তাঁরা যদি শাহীনাকে হত্যা না-ই করে, তাহলে টাকা দিয়ে আপস করার প্রস্তাব কেন দিচ্ছে।শাহীনার ছোট বোন জাহানারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘শিরিন আপু (শিরিন শাহীনার বড় জা) নির্যাতন সহ্য করতে না পেরে গাইবান্ধার সুন্দরগঞ্জে তাঁর বাবার বাড়িতে আছেন। আপুর কাছে শুনেছি, তাঁর শ্বশুর-শাশুড়ি-ননদ মিলে বাড়ির বউদের ওপর সব সময় নির্যাতন করে।’ডাঙ্গারহাট গ্রামে শাহীনার শ্বশুরবাড়িতে গেলে শ্বশুর আবদুল জলিল পুত্রবধূকে নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, ‘আমার বউমা খুবই ভালো ছিল। আগের দিন থেকে তার পেটব্যথার কারণে সকালে ভাত খাইছে, রাতে খায় নাই। হাসপাতালে পাঠাই। সেখানে হার্ট অ্যাটাকে মারা গেছে। আমাদের বাড়িতে কোনো বিষ ছিল না। সে বিষ খায় নাই।’ শিরিনকে নির্যাতন করার বিষয়ে তিনি বলেন, ‘সে গাইবান্ধায়, তাকে এখনো আনা হয় নাই। তার সাথে আমাদের প্রতিদিন কথা হয়।’আবদুল জলিলের পুত্রবধূদের একজনের আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তারা যৌতুকলোভী, তারা সব পুত্রবধূর ওপর এভাবে নির্যাতন চালায়। শাহীনার এক জা শিরিন নির্যাতন সহ্য করতে না পেরে পিত্রালয়ে অবস্থান করছে। ছেলেরা কিছু বলতে পারে না।’শাহীনার স্বামী আবদুল মান্নানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বাড়িতে নেই বলে জানান তাঁরা। একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি আবদুল মান্নানের সঙ্গে শাহীনা আক্তারের বিয়ে হয় ২০১০ সালের ২৩ জুলাই। বালাপাড়া ইউপি চেয়ারম্যান তবিবুল ইসলাম বলেন, ‘ছেলে পক্ষের লোকজন আমাকে বলেছিল, শাহীনা বিষ খেয়েছে। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে চায়। আমি ওসি সাহেবকে ফোন করেছিলাম। তিনি বলেছেন, ময়নাতদন্ত ছাড়া এ লাশ দেওয়া যাবে না। পরে শুনলাম তারা মেয়ের বাবার সঙ্গে টাকা-পয়সা দিয়ে আপস করছে।’ ডিমলা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। শাহীনার শ্বশুরবাড়ির লোকজনের ভাষ্য, শাহীনা হূদেরাগে আক্রান্ত হয়ে ডিমলা হাসপাতালে মারা যায়। হাসপাতালের চিকিৎসক বলছেন, মুখে বিষের গন্ধ ছিল। ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টে আসল ঘটনা বেরিয়ে আসবে।’