শ্বশুরবাড়ির পানির ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ির পানির ট্যাংক থেকে হাত বাঁধা, মুখে পলিথিন মোড়ানো ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় উপজেলার চরচারতলার ইউনিয়নের খান বাহাদুর সরকারবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত সোমবার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর শ্বশুর, শাশুড়ি ও এক ননদকে আটক করে থানায় আনা হয়। লাশ উদ্ধারের পর থেকেই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূর নাম কামরুন্নাহার তূর্ণা (২৮)। তিনি আশুগঞ্জের চরচারতলা ইউনিয়নের খান বাহাদুর সরকারবাড়ির আমিনুল হকের ছেলে আরিফুল হকের স্ত্রী এবং একই বাড়ির মফিজুল হকের মেয়ে। কামরুন্নাহারের বাবার পরিবারের অভিযোগ, আরিফুল হকই কামরুন্নাহারকে খুন করেছেন। এ ঘটনায় কামরুন্নাহারের বাবা গতকাল মঙ্গলবার থানায় হত্যা মামলা করেছেন।
কামরুন্নাহারের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে মফিজুল হক তাঁর মেয়ে কামরুন্নাহারকে ছোট ভাই আমিনুল হকের ছেলে আরিফুল হকের সঙ্গে বিয়ে দেন। বছরখানেক আগে পারিবারিক কলহের জের ধরে কামরুন্নাহার ও আরিফুলের মাঝে সমস্যা দেখা দেয়। গত সোমবার সকালে আরিফুল তাঁর স্ত্রী কামরুন্নাহারের নিখোঁজ হওয়ার বিষয়টি মফিজুল হককে জানিয়ে আশুগঞ্জ বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যান। সারা দিন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।
বিকেল চারটার দিকে মফিজুল হকের কথামতো মেয়ের শ্বশুরবাড়িতে তল্লাশি চালানো হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গৃহবধূর ফুফাতো ভাই শামিম আহমেদ বাড়ির পরিত্যক্ত পানির ট্যাংকের কাছে গিয়ে দুর্গন্ধ পান। পরে ট্যাংকের ঢাকনা খুলে সেখানে কামরুন্নাহারের লাশ দেখতে পান। খবর পেয়ে আশুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামরুন্নাহারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠান।
কামরুন্নাহারের বাবা মফিজুল হক বলেন, ‘এ ঘটনায় আরিফুলকে আসামি করেই থানায় হত্যা মামলা দায়ের করেছি।’
আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে আরিফুল হক ওই গৃহবধূকে খুন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।