শ্বশুরবাড়ির প্ররোচনায় গৃহবধূর আত্মহত্যা!
শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহননকারী মুনিরা বেগম (২৯) রাজশাহীর বাগমারা উপজেলার শান্তিপুর গ্রামের দুবাইপ্রবাসী আবু সানহার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে আবু সানহা স্ত্রী-সন্তানদের রেখে দুবাই যান। সেই থেকে মুনিরা স্বামীর বাড়িতেই সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। কিন্তু দেবর আবদুর রাজ্জাক প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করতেন ও কুপ্রস্তাব দিতেন। সাড়া না পেয়ে রাজ্জাক ক্ষিপ্ত হন। তিনি পরিবারের লোকজনের সহযোগিতায় মুনিরার ওপর মানসিক নির্যাতন শুরু করেন। বিষয়টি গত ৩ নভেম্বর দুপুরে মুঠোফোনে প্রবাসী স্বামীকে জানান মুনিরা। এতে কোনো সাড়া না পেয়ে তিনি ওই দিন রাতে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাত সাড়ে ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে গৃহবধূর ভাই উপজেলার দক্ষিণ মাঝগ্রামের মজনুর রহমান বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজ্জাক, শাশুড়ি বেগম আরা, ছোট শাশুড়ি জাহিদা বেগম ও ভগ্নিপতি আলাবক্সকে আসামি করে একটি মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, গতকাল সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের প্ররোচনায় গৃহবধূ আত্মহত্যা করেছেন। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি।