শ্বশুরের বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গতকাল শুক্রবার শ্বশুরবাড়ি থেকে আবদুল হাই (৪০) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছেন, তিনি আত্মহত্যা করেছেন। তবে আবদুল হাইয়ের ভাইয়ের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে।
আবদুল হাই উপজেলার কডরপাড়া গ্রামের আকরাম আলীর ছেলে। প্রায় আট বছর আগে আবদুল হাইয়ের সঙ্গে পাশের বড়ভিটা গ্রামের তোয়া চানের মেয়ে সুফিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি সুফিয়াদের বাড়িতে থাকতেন। তাঁদের সাত বছরের একটি মেয়ে রয়েছে।
আবদুল হাইয়ের ছোট ভাই আবদুল বারেক অভিযোগ করেন, বেশ কয়েক বছর ধরে আবদুল হাইয়ের সঙ্গে সুফিয়ার দাম্পত্য কলহ চলছিল। এ বিষয়ে একাধিকবার সালিস হয়েছে। বৃহস্পতিবার সকালেও সুফিয়া তাঁর স্বামীকে লোক দিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। তাঁরাই তাঁর বড় ভাইকে হত্যা করেছেন।
আবদুল বারেক আরও অভিযোগ করেন, ‘সুফিয়া তাঁর লোকজন নিয়ে আমার ভাইকে মেরে প্রথমে ঘরে রশি দিয়ে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাঁরা আমার ভাইকে ঘরের মেঝেতে ফেলে রেখেছেন।’ তবে সুফিয়া খাতুনের পরিবারের সদস্যরা দাবি করেছেন, আবদুল হাই আত্মহত্যা করেছেন।