শ্বশুরের যৌন হয়রানির প্রতিকার চাওয়ায় গৃহবধূ নির্যাতিত
বরগুনার তালতলী উপজেলার নামিশেপাড়ায় শ্বশুরের যৌন হয়রানির শিকার এক গৃহবধূ ঘটনার প্রতিকার চেয়ে উল্টা নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নামিশেপাড়ার এক দিনমজুরের স্ত্রীর (২০) অভিযোগ, রোববার রাতে তাঁর স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর (৫০) জোরপূর্বক তাঁর সঙ্গে অনৈতিক কাজ করতে উদ্যত হন। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশীরা ছুটে এলে তিনি বিষয়টি তাঁদের জানান। সোমবার সকালে তাঁর স্বামী বাড়ি ফিরলে তিনি তাঁকে ঘটনার কথা জানান।এদিকে শ্বশুর-শাশুড়ি তাঁর বিরুদ্ধে নানা কুৎসা বলে স্বামীকে খেপিয়ে তোলেন। পরে মা-বাবার সঙ্গে মিলে স্বামী তাঁকে বেধড়ক পেটান। স্থানীয় লোকজন এসে অচেতন অবস্থায় তাঁকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মং ফ্রু জানান, গুরুতর আহত হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গৃহবধূর মামা আইয়ুব আলী জানান, তাঁকে মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে গৃহবধূর শ্বশুর বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমি পুত্রবধূর সঙ্গে কোনো অনৈতিক কাজ করতে যাইনি এবং মারধরও করিনি। তার স্বামী তাকে মেরেছে।’ ঘটনার পর স্বামী পালিয়ে গেছেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গৃহবধূর মামা এ বিষয়ে মৌখিকভাবে অভিযোগ করেছেন। গতকাল বুধবার পর্যন্ত কোনো মামলা হয়নি।