শ্বাশুড়ির ওপর প্রতিশোধ নিতে শ্যালিকাকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শাশুড়ি গালি দেওয়ায় প্রতিশোধ নিতে ছয় বছরের শিশু শ্যালিকাকে ধর্ষণ করে হত্যা করেন শাকিল (১৯) নামের এক ঘরজামাই।
গতকাল মহানগর হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা স্বীকার করেন শাকিল। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, ‘গত ১৫ ডিসেম্বর সোনিয়া আকতার (৬) নামের এক শিশুর লাশ নগরের হালিশহর সরকারি শারীরিক শিক্ষা কলেজের পাশের নালা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা নাজমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ ঢাকা থেকে শিশুটির ভগ্নিপতি শাকিলকে আটক করে।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ঘরজামাই থাকায় টাকাপয়সা নিয়ে শাশুড়ি নাজমা বেগম তাঁকে লোকজনের সামনে গালিগালাজ করেন। এতে তিনি অপমানিত হন। প্রতিশোধ নিতে ছয় বছরের শ্যালিকা সোনিয়া আকতারকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে বস্তাবন্দী করে নালায় লাশ ফেলে ঢাকায় পালিয়ে যান। ওসি শাহজাহান কবির আরও বলেন, ‘আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তাঁকে আদালতে পাঠানো হয়। মহানগর হাকিমের খাস খামরায়ও তিনি শাশুড়ির ওপর প্রতিশোধ নিতে শ্যালিকাকে ধর্ষণ করে হত্যার কথা স্বীকার করেন।