শ্বাসকষ্টে প্রাণ গেলেও বাক্সবন্দী ভেন্টিলেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল জেলার ম্যাপ

নড়াইল সদর হাসপাতালে শ্বাসকষ্টে ভোগা রোগীদের চিকিৎসায় চারটি ভেন্টিলেটর রয়েছে। দুটি পৌঁছেছে সাড়ে ছয় মাস আগে। বাকি দুটি পৌঁছেছে সাড়ে চার মাস আগে। অথচ এখন পর্যন্ত ভেন্টিলেটরগুলো বাক্সবন্দী পড়ে আছে। এদিকে তীব্র শ্বাসকষ্ট নিয়ে এই হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। গত সপ্তাহেও মারা গেছেন চারজন।

ভেন্টিলেটর কেন চালানো হচ্ছে না—এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবদুস শাকুর বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু না করায় ভেন্টিলেটর দরকার হচ্ছে না।

অবশ্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, আইসিইউ ছাড়াও ভেন্টিলেটর ব্যবহার করা যায়। তীব্র শ্বাসকষ্ট, নিজে নিজে শ্বাস গ্রহণের শক্তি না থাকা, অচেতন হয়ে পড়া—এমন সংকটাপন্ন রোগীদের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে ভেন্টিলেটর যন্ত্রের প্রয়োজন হয়। তাঁরা মনে করেন, নড়াইল সদর হাসপাতালের ভেন্টিলেটরগুলো ফেলে না রেখে ব্যবহার করা গেলে কিছু জীবন বাঁচানো যেত।

নড়াইল সদর হাসপাতাল সূত্র বলেছে, গত বছরের ১৩ ডিসেম্বর হাসপাতালে দুটি ভেন্টিলেটর পাঠায় কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি)। পরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গত ১৫ ফেব্রুয়ারি দেওয়া হয় আরও দুটি ভেন্টিলেটর। দুটি রাখা হয়েছে হাসপাতালের দ্বিতীয় তলায় অফিস কক্ষের বারান্দায়, অন্য দুটি মূল ভবনের বাইরে পৃথক একতলা ভবনের করোনা ওয়ার্ডে। হাসপাতালটিতে সম্প্রতি চালু হয়েছে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা।

জেলা সিভিল সার্জন নাছিমা আকতার বলেন, ‘এই হাসপাতালে কোভিড-১৯ রোগী ভর্তি হচ্ছে। তাই আমরা দুটি ভেন্টিলেটর সেখানে দিয়েছি। এখন চালু করার দায়িত্ব হাসপাতালের তত্ত্বাবধায়কের।’

নড়াইলের স্থানীয় লোকজন, রোগীর স্বজন ও হাসপাতাল সূত্র বলেছে, সদর হাসপাতালে শ্বাসকষ্টের রোগীদের সুচিকিৎসা পাওয়া যাচ্ছে না। এ কারণে তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদের পাঠাতে হচ্ছে দূরের হাসপাতালে। সেখানে যেতে পথেই মৃত্যু হচ্ছে আশঙ্কাজনক অনেক রোগীর।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, গত সপ্তাহে নড়াইল সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে চারজন মারা যান। সেখানে চিকিৎসাসেবায় যুক্ত রয়েছেন এমন কয়েকজন জানান, হাসপাতালে আনার কয়েক ঘণ্টার মধ্যে তীব্র শ্বাসকষ্ট নিয়ে ওই চারজনের মৃত্যু হয়েছে।

বিস্তারিত জানতে গত বুধবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবদুস শাকুরের কক্ষে গেলে তিনি বলেন, দুটি ভেন্টিলেটর করোনা ওয়ার্ডে চালু হয়েছে। অন্য দুটি চালু করতে সিএমএসডি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

হাসপাতালের নিচতলায় করোনা ওয়ার্ডে গিয়ে দায়িত্বরত নার্স (ইনচার্জ) বাসনা সাহার কাছে এই প্রতিবেদক করোনার কোনো ওয়ার্ডে ভেন্টিলেটর চালু আছে কি না জানতে চান। এ প্রশ্নে তাঁর অবাক জবাব, ‘কী বলেন? দুটি ভেন্টিলেটর দেড়-দুই মাস আগে করোনা ওয়ার্ডে পাঠানো হয়েছে, তা আজ অবধি বাক্সবন্দী।’ তিনি বলেন, ‘আসেন দেখাই ভেন্টিলেটর দুটি।’

বাসনা সাহা এ প্রতিবেদককে নিয়ে একতলা ভবনের করোনা ওয়ার্ডে দেয়াল ঘেঁষে রাখা দুটি বড় বাক্স দেখান। এ সময় বারান্দায় দাঁড়িয়ে তিনি বলছিলেন, ‘এটি চালানোর নিয়ম শেখাতে তিন দিন ঢাকা থেকে অনলাইনে প্রশিক্ষণ দিয়েছে আমাকে। সর্বশেষ ১৩ জুন। আমি প্রশিক্ষণের সময়ে বলেছি, কিছু বুঝলাম না। তখন সেখান থেকে বলা হয়েছে, তাঁরা এগুলো চালিয়ে দিয়ে যাবেন।’

এরপর গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবদুস শাকুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘ভেন্টিলেটরগুলো প্যাকেটবন্দী নেই, ইনস্টল (চালু) করা হয়েছে। দুই মাস আগে ঢাকা থেকে এসে ইনস্টল করেছে। ইনস্টল করার পর হয়তো প্যাকেট করে রেখে দিতে পারে। অন্য দুটি ইনস্টল করতে সিএমএসডি কর্মকর্তাদের বলা হয়েছে।’ এরপর তত্ত্বাবধায়ক বলেন, ‘আইসিইউ শুরু না করলে ভেন্টিলেটর দরকার হচ্ছে না। এর চিফ (প্রধান) হাসপাতালের অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ শাহীনুর রহমান, তাঁর সঙ্গে কথা বলেন।’

এরপর যোগাযোগ করা হলে এ এইচ এম শাহীনুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তত্ত্বাবধায়ক স্যার যে বক্তব্য দিয়েছেন, সেটাই আমার বক্তব্য। আমার নিজের কোনো বক্তব্য নেই।’

এসব বিষয়ে জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক (অ্যানেসথেসিয়া) ও সেখানকার করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করেছেন এমন আরেকজন বিশেষজ্ঞের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আইসিইউ ছাড়াও ভেন্টিলেটর ব্যবহার করা যায়। এটি সদিচ্ছার ব্যাপার। এটি দিয়ে যাত্রা শুরু করে ধাপে ধাপে আইসিইউর অন্য সুবিধাগুলো স্থাপন করা যায়। সিএমএসডিতে অসংখ্য অটোমেটেড (আইসিইউ) শয্যা আছে, তা চাইলেই পাওয়া যাবে।’

পরে নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এ এফ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভেন্টিলেটর যেটা ইনস্টলেশন হয় নাই, সেটা তো আমরা কিছু করতে পারতেছি না। ওইডার ভেতরে যে কী আছে এটাও তো আমরা খুলে দেখতে পারতেছি না। আমরা তাদের (সিএমএসডি) লেখতেছি। এইগুলা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। ভেন্টিলেটর দিলেই তো হবে না, তা যে চালাবে তাঁর তো ট্রেনিং দিতে হবে। সেটা তো করে নাই।’

এসব কথা জানালে কেন্দ্রীয় ঔষধাগারের উপপরিচালক ও পিঅ্যান্ডসি মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘আমরা মেসেজ পেলেই ভেন্টিলেটর চালু করার ব্যবস্থা করে দিই। চালু হয়নি এটা ফোনে জানালেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারতাম। কিছুদিন আগে বলার সঙ্গে সঙ্গে নওগাঁয় চালু করেছি।’

নড়াইলের সিভিল সার্জনের কার্যালয় সূত্র বলেছে, নড়াইল জেলায় গত জুন মাসে সংক্রমণের হার ৮২ শতাংশ পর্যন্ত উঠেছে। গত ১৫ দিনে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও কয়েকজন। জেলায় গত বছর মার্চ মাস থেকে গতকাল শুক্রবার পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৮ জন। এ পর্যন্ত ২ হাজার ৮৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।