‘ইটবাটার দুমায় দম বন্দ অইয়া আহে। ভালোবাবে শ্বাস নিবার পারি না। ব্যাটা গো কত ট্যাহার খিদা? মানুষ মইরা যায়, তাও ইটবাটা বন্দ করে না।’ কথাগুলো ঢাকার ধামরাই উপজেলার বেলীশ্বর গ্রামের বৃদ্ধ নবু মিয়ার।শুধু নবু মিয়াই নন, বিরূপ প্রভাবের শিকার উপজেলার ইটভাটাসংলগ্ন প্রায় সব বাড়ির বাসিন্দা, ফসলি জমি ও গাছপালা। বিষাক্ত ধোঁয়ার কারণে ধামরাইয়ের ফল ও ফসলের উৎপাদনও কমে গেছে; মরে যাচ্ছে অনেক গাছ।বেলীশ্বর গ্রামসহ আশপাশের এলাকায় রয়েছে প্রায় অর্ধশত ইটভাটা। প্রয়াত অধ্যাপক খোরশেদ আলমের অর্ধশতাধিক নারকেলগাছে এখন আর ফল ধরে না। মড়ক ধরেছে অনেক গাছে। তাঁর প্রতিবেশী নূরুল ইসলাম বলেন, ‘বছর তিনেক ধরে এলাকায় একের পর এক ইটভাটা গড়ে উঠছে। এর বছর খানেক পর থেকেই খোরশেদের নারকেলবাগানে ফল ধরা বন্ধ। কিছু গাছে ধরলেও বড় হওয়ার আগেই তা ঝরে পড়ে। ইট পোড়ানোর মৌসুমে আমার পুকুরের মাছ মরে ভেসে ওঠে।’পাশের বালিয়াপাড়া জালসা গ্রামের আবদুল কাদেরের বাড়ির নারকেলগাছসহ ২০টি সুপারিগাছে কোনো ফল ধরে না। আম-কাঁঠালসহ অন্যান্য ফলের গাছে ফলন হয় না আগের মতো।আবদুল কাদের জানান, শুধু তাঁর বাড়িতেই নয়, ইটভাটা থেকে নির্গত ধোঁয়ার কারণে পুরো এলাকাতেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।কথা হয় জালসা গ্রামের আবদুর রহিমের সঙ্গে। তিনি বলেন, এলাকায় ইটভাটা নির্মাণের পর থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছেন। বাড়ির শিশুরাও ঘন ঘন সর্দি-কাশি ও ঠান্ডায় আক্রান্ত হচ্ছে। বাড়ির গরুগুলো ক্রমাগত অসুস্থ থাকে।ইটভাটার প্রভাবে রহিমের সবজির আবাদও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে এক একর জমিতে করলা, ক্ষীরা ও কুমড়ার আবাদ করে তিনি ছয় থেকে সাত লাখ টাকা পেতেন। কিন্তু কয়েক বছর ধরে উৎপাদন কমায় এক লাখ টাকারও সবজি বিক্রি করতে পারেন না।জালসা গ্রামের কৃষক মো. রুবেল বলেন, পাঁচ বছর আগেও গ্রামের প্রতি বিঘা জমিতে ২০ থেকে ২৫ মণ ধান হতো। এখন উৎপাদন হচ্ছে ১৩ থেকে ১৫ মণ। একইভাবে অন্যান্য ফসলের উৎপাদনও কমে গেছে বলে জানান তিনি।ধামরাইয়ের গোয়ালদী গ্রামের মামা ব্রিকসে শ্রমিকের কাজ করেন সাতক্ষীরার শাহীনুর ও আল-মামুন। কয়েক মাস ধরে তাঁরা শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছেন বলে জানান।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জের উপপরিচালক মামুন-উর-রশীদ বলেন, ইটভাটা থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় মৌমাছি না আসায় ফল ও শস্যের পরাগায়ন হয় না। এ কারণেই শস্য ও ফলের ফলন কম হয়। অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইডের প্রভাবে অনেক ক্ষেত্রে গাছ মরে যায়।মানিকগঞ্জ সদর হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ বিকাশ চন্দ্র তরফদার বলেন, ইট পোড়ানোর কালো ধোঁয়া থেকে প্রতিনিয়ত কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইড নির্গত হয়। এ দুটি গ্যাসকে নীরব ঘাতক বলে অভিহিত করা হয়। এর প্রভাবে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায়, যা মানুষের শ্বাস-প্রশ্বাসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং হূদেরাগের ঝুঁকি বাড়ায়।