শ্বাসনালিতে বাঁশি ঢুকে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় শ্বাসনালিতে বাঁশি ঢুকে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম মো. ইদ্রিস খাঁ (৯)। সে সলিমপুর গ্রামের মো. হোসেন খাঁর ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইদ্রিস বাড়ির পুকুরপাড়ের একটি গাছে উঠে বাঁশি বাজাচ্ছিল। একপর্যায়ে মুখে বাঁশি নিয়ে সে গাছ থেকে লাফিয়ে পুকুরের পানিতে পড়ে। এ সময় বাঁশিটি তার শ্বাসনালির ভেতরে ঢুকে আটকে যায়। ইদ্রিসের চিৎকারে বাড়ির লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা বাঁশিটি বের করতে না পারায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘শিশুটিকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়। আমরা অক্সিজেন দিয়ে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’