শ্বাসনালির ক্যানসারের সফল অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বাসনালির ক্যানসারে আক্রান্ত কোনো রোগীর প্রথমবারের মতো সফল অস্ত্রোপচার করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। গত সোমবার বিকেলে প্রায় ছয় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার চালিয়ে আবদুল হালিমের (৬০) শ্বাসনালি কেটে ফেলে সেখানে ‘স্পিকিং ভাল্ভ’ প্রতিস্থাপন করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় প্রধান মো. আবু হানিফ এই সফল অস্ত্রোপচার করেন।এ সময় অস্ত্রোপচারে সহযোগিতা করেন ওই বিভাগের চিকিৎসক মোহাম্মদ গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম খান, মো. শাহজাহান, আব্দুল করিম, শাকের আহাম্মেদ, মাজাহারুল ইসলাম সিদ্দিকি।হাসপাতালের ইএনটি বিভাগ সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার তারাকান্দা এলাকার আবদুল আলিম (৬০) কণ্ঠস্বর পরিবর্তন ও শ্বাসনালির কষ্ট নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। দেড় বছর ধরে তিনি এই রোগে ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শ্বাসনালিতে ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারের পর আবদুল আলিমের স্ত্রী বলেন, ‘রোগীর অবস্থা এখন ভালো। তিনি আবারও কথা বলতে পারবেন জেনে আমরা খুব খুশি।’চিকিৎসক আবু হানিফ জানান, অস্ত্রোপচারের পর রোগী এখন সুস্থ আছেন। শ্বাসনালির ক্যানসারের অপারেশন সফলভাবে করা গেলে বেশির ভাগ রোগী ক্যানসারমুক্ত হয়। কিন্তু কথা বলতে পারবে না ভয়ে রোগীরা অপারেশন করাতে চায় না। অথচ স্পিকিং ভাল্ভ স্থাপন করলে কথা বলতে কোনো সমস্যাই হয় না।