শ্বাসরোধে শিশুকে হত্যা, লাশ তোলার নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের সিঅ্যান্ডবি ঘাট যৌনপল্লিতে মদিনা নামের দুই বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার পর তাড়াহুড়া করে লাশ কবর দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ফরিদপুর সদর আদালতের বিচারিক হাকিম মো. মাসুদ আলী এ নির্দেশ দেন।
শিশুটির মা গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ২৫ মে বেলা সাড়ে ১১টার দিকে মদিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়। কিন্তু প্রচার করা হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মদিনার মৃত্যু হয়েছে। এ খবর শোনার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। এ সুযোগে মদিনার লাশ তড়িঘড়ি দাফন করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ২৭ মে বাড়িওয়ালি ও তাঁর দুই ছেলে এবং তিন ভাড়াটের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।
এজাহারের বিবরণ অনুযায়ী, বাড়িওয়ালির দুই ছেলে মাদকের ব্যবসাও করেন। কিছুদিন আগে এক ছেলেকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। বাড়িওয়ালির সন্দেহ, গ্রেপ্তারের ঘটনায় ভাড়াটে মদিনার মায়ের ইন্ধন ছিল। এর জেরে মদিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পুলিশ জানায়, দু-এক দিনের মধ্যে একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে মদিনার লাশ কবর থেকে তোলা হবে।