শ্বাসরোধ করে একজনকে হত্যার অভিযোগ
যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামে গত রোববার রাতে আবদুল্লাহ (৪০) নামের একজন ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল সোমবার মির্জানগর ঘেরের মাথা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।এলাকাবাসী ও কেশবপুর থানা সূত্রে জানা গেছে, মির্জানগর গ্রামের মৃত শেখ আবদুল গফফারের ছেলে আবদুল্লাহ রোববার রাত সাড়ে নয়টার দিকে সাতবাড়িয়া বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মির্জানগর ঘেরের মাথা এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে সাইকেল ও একটি মুঠোফোনের সেট নিয়ে যায়।গতকাল সকালে স্থানীয় লোকজন সেখানে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। বেলা সাড়ে ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহাফুজুর রহমান জানান, নিহতের মাথায় আঘাতের কয়েকটি চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।