শ্বাসরোধে ও গলা কেটে দুই গৃহবধূকে হত্যা
যৌতুক না পেয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলায় তারতিলা খানম (২০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল কঞ্চিগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।এদিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের দুলালী দীঘিরপাড় গ্রামে নাজমা খাতুন (৩০) নামের আরেক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাড়ির পাশের একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। দুটি ঘটনায় পৃথকভাবে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা হয়েছে।নওগাঁর ধামইরহাট উপজেলার আঙ্গরত গ্রামের মো. আমিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার বেলা একটার দিকে তিনি এক আত্মীয়ের মাধ্যমে তাঁর মেয়ে তারতিলা খানমের মৃত্যুর খবর পান। পরে তিনি বিরামপুরের বিজুল কঞ্চিগাড়ি গ্রামে গিয়ে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন, মোবাশ্বের তাঁর মেয়েকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন।আমিরুল ইসলাম অভিযোগ করেন, এক বছর তিন মাস আগে আবু বক্কর সিদ্দিকের ছেলে মোবাশ্বের আলমের সঙ্গে তারতিলার বিয়ে দেন। বিয়ের সময় মোবাশ্বের উপজেলার গঙ্গাপুর উচ্চবিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদে নিজের চাকরির জন্য তাঁর কাছ থেকে সাত লাখ টাকা যৌতুক নেন। বিয়ের কিছুদিন পর থেকে তিনি আরও দুই লাখ টাকা যৌতুকের জন্য তারতিলাকে নির্যাতন করে আসছিলেন।বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা বলা যাচ্ছে না। আক্কেলপুর থানা পুলিশ ও দুলালী দীঘিরপাড় গ্রামবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নাজমা খাতুন স্বামী-সন্তানসহ ঘুমিয়ে পড়েন। গতকাল বুধবার ভোরে নাজমার স্বামী নজরুল ইসলাম ক্ষেতলাল উপজেলার দেওগ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে জানান, রাতে তাঁর স্ত্রী টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছেন। তাঁকে পাওয়া যাচ্ছে না। ওইদিন সকালে এক ব্যক্তি ধান খেতে এক মহিলার গলাকাটা লাশ দেখতে পান এবং বিষয়টি গ্রামবাসীকে জানান। গ্রামের লোকজন সেখানে গিয়ে লাশটি নাজমা খাতুনের বলে সনাক্ত করেন। এই খবর পেয়ে দেওগ্রামে শ্বশুরবাড়ির লোকজন নজরুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও দুলালী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম জানান, নাজমার স্বামী তাঁকে সন্দেহের চোখে দেখত। এ নিয়ে প্রায় মাসখানেক আগে গ্রামে একটি সালিস বৈঠক হয়েছিল। নজরুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি ঘুমে ছিলাম। কখন কী হয়েছে তা বলতে পারব না। আমার স্ত্রীর সঙ্গে গ্রামের একজনের সর্ম্পক ছিল।