শ্বাসরোধে কৃষককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার চাপড়ারপাড় গ্রামের কৃষক বাচ্চা মিয়াকে (৫৬) শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
বাচ্চা মিয়ার পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো ওই কৃষক মঙ্গলবার দিবাগত রাতে তাঁর গোয়ালঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল বুধবার তাঁর লাশ পুলিশ গোয়ালঘর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুরে মর্গে পাঠান।
তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম অভিযোগ করেন, জমিজমা নিয়ে তাঁর ভাতিজা হাফিজার রহমান, মিন্টু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলে আসেছে। বাচ্চা মিয়াকে রাতে তাঁরাই শ্বাসরোধে হত্যা করেছেন। ঘটনার পরপরই তাঁরা পালিয়ে গেছেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, বাচ্চা মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দেলোয়ারা বেগম সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।