শ্বাসরোধে স্কুলছাত্র ও কুপিয়ে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় মঙ্গলবার রাতে রিমন রহমান (১০) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। সে বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার জয়গুননেছা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও চকসিংগা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
একই রাতে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর মহল্লায় মিলন হোসেন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই মহল্লার গোলাম মোস্তফার ছেলে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, রিমনের বাবা সাইদুর রহমান বাদী হয়ে গতকাল বুধবার থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
থানার পুলিশ ও পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে রিমন বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার কথা বলে তার দাদি মালেকা বেগমকে জানিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাত নয়টার দিকে প্রতিবেশী বাক্প্রতিবন্ধী রমজান রহমান এসে রিমনের দাদিকে হাত ধরে পুকুরপাড়ে নিয়ে যায়। এ সময় রিমনকে পুকুরপাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার পকেটে ও মুখে কুল (বরই) ছিল। রিমনের দাদির চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই রিমন মারা গেছে বলে কর্তব্যরত চিকিৎসক তার পরিবারের সদস্যদের জানিয়ে দেন।
ময়নাতদন্তকারী পুলিশ কর্মকর্তা ও বাঘা থানার উপপরিদর্শক (এসআই) আসলাম আলী জানান, শিশুটির গলায় ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। এ অবস্থায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর মহল্লার মিলন হোসেন রাত ১০টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিলেন। মহল্লায় ঢোকার পর তাঁকে চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে মিলনের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তাঁর লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।