শ্বাসরোধে হত্যার পর গৃহবধূর গায়ে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রাম থেকে গত সোমবার রাতে রেশমা খাতুন (১৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসীর ধারণা, শ্বাসরোধে হত্যার পর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে রেশমাকে হত্যা করা হয়েছে। আগুনে তাঁর মুখমণ্ডলসহ শরীরের একপাশ পুড়ে গেছে। এদিকে রেশমার পোড়া শরীরের বীভৎস দৃশ্য দেখে বদরুদ্দিন (৬০) নামে এক প্রতিবেশী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনিও মারা যান।এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, সোমবার বিকেলে রেশমা ও তাঁর স্বামী সাজেদুল ইসলামের (১৮) মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে রেশমাকে মারধর করা হয়। রাত ১১টার দিকে সাজেদুল হঠাৎ চিৎকার দিয়ে ঘরের বাইরে চলে আসেন। তিনি বলেন, তাঁর স্ত্রী রেশমার মুখে কে যেন আগুন দিয়ে পালিয়েছে। পরে প্রতিবেশীরা দ্রুত ছুটে গিয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরেই রেশমা মারা যান। রাত ১২টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেশমার দগ্ধ লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ সাজেদুলকে আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া ওই ঘর থেকে কেরোসিনসহ একটি বোতল ও দুটি ডায়েরি উদ্ধার করা হয়েছে।রেশমার চাচা একই গ্রামের বাসিন্দা কামাল হোসেন প্রথম আলোকে বলেন, প্রায় ১১ মাস আগে রেশমা ও সাজেদুল পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ সময় দুজনেই পড়াশোনা করতেন। সাজেদুলের বাবা-মা এই বিয়ে মেনে নেননি। তাই বিয়ের দুই মাস পরই তাঁদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। সাজেদুল কোনো কাজ করতেন না। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়াবিবাদ লেগে থাকত। কামাল হোসেন বলেন, ‘সোমবার রাত পৌনে ১২টার দিকে শুনতে পাই, রেশমাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। দ্রুত ওর বাড়ি গিয়ে দেখি, রেশমার মুখ থেকে তখনো ধোঁয়া বেরোচ্ছে। পানি দিয়েও কোনো কাজ হচ্ছে না।’ তিনি বলেন, ‘এ সময় অন্যদের পাশাপাশি প্রতিবেশী বদরুদ্দিনও রেশমাকে বাঁচানোর চেষ্টা করেন। রেশমা মারা গেলে বদরুদ্দিন তাঁর ঘরে ফিরে যান। ১৫ মিনিট পর শুনি, তিনি মারা গেছেন।’গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, একই সঙ্গে দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বদরুদ্দিনের স্ত্রী ওজেলা খাতুন স্বামী হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। একফাঁকে তিনি প্রথম আলোকে বলেন, ‘রেশমাদের ঘর থেকে ফিরে এলে হঠাৎ তাঁর (বদরুদ্দিন) কথা বন্ধ হয়ে যায়।’এ ব্যাপারে কথা বলতে সাজেদুলদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে আটক সাজেদুল ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বসে প্রথম আলোকে বলেন, ‘দেশে কোনো কাজ না পেয়ে বিদেশে যেতে চেয়েছিলাম। এ জন্য রেশমার বাবা-মায়ের কাছে টাকা চাই। কিন্তু তাঁরা দেননি।’ রেশমার গায়ে আগুনের বিষয়ে তিনি বলেন, ‘ঘরের মধ্যে আগুন দেখে বাইরে চলে আসি। চিৎকার দিই।’জানতে চাইলে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম বলেন, সাজেদুল রেশমাকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পরে রেশমার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে তাঁর পুরো মুখসহ শরীরের একপাশ পুড়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।সি এ হালিম বলেন, এ ঘটনায় রেশমার বাবা সোহরাব হোসেন থানায় হত্যা মামলা করেছেন। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।