শ্বাসরোধে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই
সিরাজগঞ্জের চৌহালীর পাথরাইলে গত বৃহস্পতিবার রাতে অশোক কুমার (৩৫) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর তাঁর মোটরসাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। অশোক ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। পাশের টাঙ্গাইল জেলার নাগরপুরের মাইগড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নাগরপুরের পাইকশা গ্রামের পথের ধারে গতকাল শুক্রবার সকালে অশোকের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে নাগরপুর থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন ও তাঁর হাত-পা বাঁধা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌহালী থানার ওসি শামসুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে যাত্রীবেশী সন্ত্রাসীরা হয়তো অশোকের মোটরসাইকেল ভাড়া করে নাগরপুর রওনা দেয়। মোটরসাইকেলটিকে স্থানীয় লোকজন চৌহালীর প্রত্যন্ত পাথরাইল খেয়াঘাট পার হতে দেখেছেন। তবে সকালে নাগরপুরের পাইকশা গ্রামে লাশটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পাথরাইল এলাকায় অশোককে হত্যার পর লাশটি এখানে ফেলে মোটরসাইকেলটি নিয়ে গেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির হাত-পা বাঁধা ছিল। সেই সঙ্গে তাঁর শরীরে আঘাত ও গলায় শ্বাসরোধে হত্যার চিহ্ন ছিল।