শ্বাসরোধে হত্যায় আটজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইব্রাহীম খলিল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার হোসনাবাদ গ্রামের দুই ভাই মো. দুদু প্রামাণিক (৩০) ও জিয়াউর রহমান (৩৫), মো. জহুরুল ইসলাম (৪০), মো. আবদুস সামাদ (৩৫), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মিরের দেউলমোড়া গ্রামের মো. কালাম মিয়া (৪০), গ্রামপাঙ্গাসী গ্রামের শামীম হোসেন (৩৮), মো. রব্বানী (৩৬) এবং মো. মিন্টু মিয়া (৪২)। এর মধ্যে শামীম হোসেন পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

এ মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাঁরা হলেন গ্রামপাঙ্গাসী গ্রামের হীরালাল রবিদাস, সুবল চন্দ্র দাস ও অরুণ চন্দ্র দাস। তাঁরা তিনজনই গ্রাম পুলিশ হিসেবে কর্মরত।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর রাতে ইব্রাহীম খলিলকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরের দিন ১ অক্টোবর নিহত ব্যক্তির শ্বশুর মোহাম্মদ মাহাম উদ্দিন বাদী হয়ে ১১ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।