শ্বেতী ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসায় ভালো হয়
শ্বেতী ছোঁয়াচে রোগ নয়। অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসায় এই রোগ ভালো হয়ে যায়। বিশিষ্ট চিকিৎসকেরা বলেছেন, এই রোগ সম্পর্কে কুসংস্কার ও ভুল ধারণা দূর করতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব শ্বেতী দিবস ২০১৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকেরা এ কথা বলেন। জাতীয় শ্বেতী ফাউন্ডেশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। চিকিৎসকেরা বলেন, অসচেতনতার কারণে শ্বেতী রোগীদের সামাজিক জীবন সীমিত হয়ে পড়ে।
জাতীয় শ্বেতী ফাউন্ডেশনের সভাপতি ও চর্মরোগ বিশেষজ্ঞ এম ইউ কবীর চৌধুরী বলেন, রং তৈরি করার কোষ অকার্যকর হলে ত্বকের রং বিবর্ণ হয়ে যায়, এটাই শ্বেতী। শ্বেতী হলে তা শরীরের অন্য কোনো অঙ্গে বিরূপ প্রভাব ফেলে না। করমর্দন, আলিঙ্গন বা অন্য কোনোভাবে এই রোগ সংক্রমিত হয় না। এক প্রশ্নের উত্তরে কবীর চৌধুরী বলেন, কুষ্ঠ ও শ্বেতী এক বা একই ধরনের রোগ নয়। কুষ্ঠ ছোঁয়াচে, কুষ্ঠ হলে ত্বক মোটা হয়ে যায়, আঙুলে অনুভূতি কমে যায়। তবে শ্বেতী হলে ত্বক পাতলা হয়ে যায়, অনুভূতির কোনো সমস্যা হয় না।
আয়োজকেরা বলেন, শ্বেতী রোগের প্রধান সমস্যা সামাজিক। রোগী নারী হলে এই সমস্যা আরও বেশি বেড়ে যায়। শ্বেতী রোগে আক্রান্ত মেয়েদের বিয়ের ক্ষেত্রেও অনেক সমস্যা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, রোগটি সম্পর্কে ধারণা না থাকার কারণে এমন হয়। পশ্চিমা দুনিয়ায় এ নিয়ে সমস্যা নেই।
বারডেমের ল্যাব সায়েন্স বিভাগের পরিচালক শুভাগত চৌধুরী বলেন, ‘শ্বেতী নিরীহ, নির্দোষ রোগ। এই রোগ ত্বককে বিবর্ণ করে মাত্র, শরীরে বিরূপ প্রভাব ফেলে না।’
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সৈয়দ আফজালুল করিম বলেন, শ্বেতী চিকিৎসাযোগ্য রোগ। ওষুধে এর চিকিৎসা আছে, শল্যচিকিৎসাও আছে।
সংবাদ সম্মেলনের আয়োজকেরা বলেছেন, এই রোগকে ধবল রোগ, সাদা রোগ বা শ্বেতকুষ্ঠও বলা হয়। দুই হাজার বছর আগেও এই রোগ ছিল। দেশে কত মানুষ এই রোগে আক্রান্ত তার অবশ্য কোনো পরিসংখ্যান নেই। তবে কবীর চৌধুরী বলেন, আগের চেয়ে এই রোগ বাড়ছে। শিশুদের মধ্যেও এই রোগ দেখা যাচ্ছে। তিনি বলেন, রোগীর বয়স এবং রোগের বয়স কম হলে চিকিৎসায় পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব।
জাতীয় শ্বেতী ফাউন্ডেশনের মহাসচিব মোড়ল নজরুল ইসলাম বলেন, দরিদ্র শ্বেতী রোগীদের চিকিৎসা ও মানুষকে সচেতন করার জন্য ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে। তাঁরা একটি পূর্ণাঙ্গ শ্বেতী রোগ চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছেন।