শ্মশান দখল করে দোকান নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের নটুয়াঠিলা গ্রামের বৌদ্ধদের শ্মশান দখল করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শিলক ইউনিয়ন যুবলীগের কর্মী সেলিম ও শেখমত দলের প্রভাব খাটিয়ে শ্মশানভূমির ওপর দোকান নির্মাণ করছেন। গ্রামের রণধীর বড়ুয়া গত ২৫ সেপ্টেম্বর রাঙ্গুনিয়ার সিনিয়র সহকারী জজ আদালতে এ ব্যাপারে মামলা করেন। আদালত শ্মশানভূমিতে যেকোনো স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। রণধীর বড়ুয়া অভিযোগে জানান, শিলক ইউনিয়নের নটুয়ার ঠিলা গ্রামের মৃত মোহাম্মদ মিয়ার পুত্র সেলিম ও চুন্নু মিয়ার পুত্র শেখমত আলী ২০০৯ সালের জুন মাসে শ্মশানভূমি দখল করে গাছ কাটা শুরু করেন। এতে বাধা দেওয়ায় তাঁদের সহযোগী যুবলীগকর্মীরা গ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মারধর করেন। ফলে গত ২৫ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করা হয়। আদালত ৪ জানুয়ারি শ্মশানভূমিতে কোনো রকম স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন, যা উপেক্ষা করে শ্মশানভূমির ২৪টি মূল্যবান গাছ কেটে মাটি ভরাট করে দোকান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন দখলদারেরা। ফলে দোকান নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ১৬ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরেও আবেদন করা হয়। এলাকাবাসী জানায়, শিলক মৌজার আর এস খতিয়ান ২৭০৪, ১৬১৮, ১৬৯৬ এর আর এস দাগ নম্বর ৩৭৬৬, ১৬১৮ ও ৪৮১৯ দাগের ৩০ শতক জমি বৌদ্ধ সম্প্র্রদায়ের শ্মশান ভূমি হিসেবে ব্যবহূত হয়ে আসছে, যা শত বছরের পুরোনো। সেলিম ও শেখমত জানান, শ্মশান ভূমিটি শত বছরের পুরোনো হলেও বিএস জরিপে তাঁদের চাচা নুরুর গংয়ের নাম রয়েছে। ফলে শ্মশান ভূমির ওপর দোকান নির্মাণ করা হচ্ছে। শিলক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ প্রসঙ্গে বলেন, বিএস জরিপে ভুলবশত নুরুর গংয়ের নাম লেখা হয়েছে, যা রাঙ্গুনিয়া সিনিয়র সহকারী জজ আদালতে সংশোধনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া নুরুর গং নামে সেলিম ও শেখমতের জীবিত বা মৃত কোনো চাচা নেই। ভুয়া চাচা বানিয়ে তাঁরা শ্মশান দখল করে দোকান নির্মাণ করছেন। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।