শ্মশান দীপালিতে আলোর নাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্মশান দীপালি উৎ​সব উপলক্ষে প্রিয়জনের সমাধিতে মোম জ্বালিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন স্বজনেরা। ছবিটি গতকাল সন্ধ্যার দিকে বরিশাল নগরের কাউনিয়া মহাশ্মশান থেকে তুলেছেন সাইয়ান
শ্মশান দীপালি উৎ​সব উপলক্ষে প্রিয়জনের সমাধিতে মোম জ্বালিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন স্বজনেরা। ছবিটি গতকাল সন্ধ্যার দিকে বরিশাল নগরের কাউনিয়া মহাশ্মশান থেকে তুলেছেন সাইয়ান

মঙ্গলবার সন্ধ্যা ছয়টা! আঁধার তাড়াতে একে একে জ্বলে ওঠে মোমবাতি। একটি-দুটি নয়, কয়েক লাখ মোমের আলোয় রাতের আঁধার কেটে যায়। শুরু হয় আলোর খেলা।
না, কোনো প্রতিবাদ নয়, নয় সাংস্কৃতিক আয়োজন। তারপরও মানুষের ঢল। শ্মশান দীপালির (দীপাবলি) এই আলোর খেলা চলে রাত ১১টা অবধি।
বরিশালে ২০০ বছরের পুরোনো এই দীপালি উৎসবকে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছে। কথিত আছে, এশিয়া মহাদেশ তথা পৃথিবীর বৃহত্তম আয়োজন এটি।
’৬৫ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে বসবাস করছেন লীনা ঘোষ দস্তিদার। দীপালি উৎসবে যোগ দিতে তিনি এসেছেন এবার তাঁর মা প্রতীভা ঘোষ দস্তিদারের সমাধিতে আলো জ্বালতে। এ রকম অনেক স্বজন এসেছেন ভারত থেকে।
লীনা ঘোষ প্রথম আলোকে বলেন, ‘ভারতে শ্মশান থাকলেও সমাধি মন্দির নেই। তা ছাড়া এত বড় শ্মশান বাংলাদেশের বাইরে আছে বলেও জানা নেই। এখানের আয়োজন দেখে অভিভূত। এত মানুষের মিলনমেলা বসে দীপালি উৎসবে, এখানে না এলে বুঝতে পারতাম না।’
গত সোমবার সন্ধ্যা সাতটা থেকে তিথি শুরু হলেও স্বজনদের সমাগম ঘটে গতকাল মঙ্গলবার সন্ধ্যায়।
সরেজমিনে দেখা গেছে, দুপুরের পর থেকে মানুষের ঢল নামে নগরের আদি মহাশ্মশানের দিকে। সন্ধ্যা হতে না হতেই জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। সন্ধ্যা পৌনে ছয়টার মধ্যে শ্মশানের সমাধি মন্দিরগুলো আলোকিত হয়ে ওঠে। স্বজনদের হাতের ছোঁয়ায় জ্বলে ওঠে মোমগুলো। এই আলোর খেলা দেখতে মানুষের ঢল নামে দীপাবলি উৎসবে।
প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন বলেন, ‘ঠিক কত বছর আগে এই শ্মশান দীপালি উৎসব শুরু হয়েছে জানি না। আমাদের বাবা, ঠাকুরদার কাছ থেকে যতটুকু জেনেছি, তাতে প্রায় ২০০ বছরের বেশি সময় হবে। দিনে দিনে এর ব্যাপ্তি বেড়েছে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শ্মশানও এটি। এশিয়ার মধ্যে সর্ববৃহৎ দীপালি উৎসব হিসেবে স্বীকৃত। এটা এখন আর শুধু সনাতন ধর্মের অনুষ্ঠান নয়, আনন্দ আয়োজনে মিলিত হয় ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সব মানুষ।
বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটি জানায়, এখানে ৫০ হাজারের বেশি সমাধি বেদি রয়েছে। এর মধ্যে পাকা শ্মশান রয়েছে প্রায় ১৫ হাজার। বাকিগুলো কাঁচা। তবে কিছু সমাধি বিলীন হয়ে গেছে। প্রায় এক হাজার সমাধি মন্দিরে প্রদীপ জ্বেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক একটি স্থান করে দেওয়া হয়েছে।