শ্মশানঘাট বস্তিতে ককটেল বিস্ফোরণ শিশুসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগের শ্মশানঘাট বস্তি এলাকায় গতকাল বুধবার সকালে ককটেল বিস্ফোরণে শিশুসহ চারজন আহত হয়েছে। তাদের মধ্যে দেড় বছরের শিশু শফিকুল ইসলাম ও কারখানা-শ্রমিক মিতু আক্তারকে (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শ্মশানঘাট আবুল খায়েরের বস্তির খালি জায়গায় ককটেল বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলের পাশে থাকা বস্তিবাসী শিশু শফিকুল, মিতু, ঝুমুর (৬) ও আঁখি (৩০) আহত হন। ককটেলের আঘাতে শিশু শফিকুলের পা ও মাথা গুরুতর জখম এবং মিতুর শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। ঝুমুর ও আঁখিকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। শিশু শফিকুলের বাবা এমতাজ হোসেন রিকশাচালক। মিতুর বাবার নাম কাঞ্চন গাজী। মিতু স্থানীয় একটি বিস্কুট কারখানার শ্রমিক। আহতদের স্বজনেরা জানান, মঙ্গলবার রাতে বস্তিতে মার্বেল খেলা নিয়ে মিতুর ছোট বোন লিমার সঙ্গে বস্তিবাসী সাথীর ঝগড়াঝাঁটি হয়। গতকাল সকালে স্থানীয় সন্ত্রাসী জসিম সাথীর পক্ষ হয়ে মিতুর মা খাদিজা বেগমকে মারধর করে। জসিম বেরিয়ে যাওয়ার পরপরই ককটেল দুটি বিস্ফোরিত হয়। তাঁদের দাবি, সন্ত্রাসী জসিম এই ককটেল দুটি সঙ্গে করে এনে বস্তির খালি জায়গায় রেখে যায়। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলের কাছে শিশুরা খেলা করছিল। দুটি বোতলের মধ্যে বিস্ফোরক ছিল। এর বিস্ফোরণ হয়। ওসি বলেন, কারা এই ককটেল রেখেছে তা চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে থানার একাধিক দল অভিযান চালাচ্ছে। আহতদের পক্ষ থেকে অভিযোগ নিয়ে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।