শ্মশানে সমাধির জন্য চাঁদা আদায় পরে ফেরত
অবশেষে শ্মশানে সমাধি করার জন্য চাঁদা পরিশোধের পর দুই পরিচ্ছন্নতাকর্মীর পরিবারের (বিধবা) টাকা ফেরত দেওয়া হয়েছে। গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের হস্তক্ষেপে ওই টাকা ফেরত দেওয়া হয়।সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সদরের চারজন দেশীয় চোলাই মদ পান করে বিষক্রিয়ায় মারা যান। এর মধ্যে পৌর শহরের বাগদীপাড়া মহল্লার দুজন পরিচ্ছন্নতাকর্মী তপন ও চণ্ডী রায় ছিলেন। গত বুধবার তাঁদের সৎকার করার জন্য আত্মীয়স্বজন শাহজাদপুর শ্মশানে মাটিচাপা দিয়ে সমাধিস্থ করতে গেলে শ্মশানঘাটের কমিটির সভাপতি গোবিন্দ চক্রবর্তী নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনকে বাধা দেন এবং চার হাজার টাকা দাবি করেন। পরে দুই হাজার ৯০০ টাকা দেওয়ার পর সমাধি করার জন্য তিনি অনুমতি দেন।গোবিন্দ চক্রবর্তী টাকা নেওয়ার কথা স্বীকার করে জানান, পোড়ানোর কাজে কোনো টাকা নেওয়া হয় না। কিন্তু মাটিচাপা দিয়ে সমাধিস্থ করতে হলে প্রতিজনের কাছ থেকে দুই হাজার টাকা করে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।