শ্মশানের জায়গায় যাত্রা-জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ার বিলদহর বাজারে শ্মশানের জায়গায় যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া চলছে। পুলিশকে ম্যানেজ করে একদল তরুণ গত শুক্রবার থেকে এ অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, চলনবিলকেন্দ্রিক বিলদহর ও তিষিখালী (ঘাসি দেওয়ানের মাজার) মেলা উপলক্ষে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের বাসিন্দা কামাল হোসেন, আলম, শামীম যাত্রাপালা ও জুয়া খেলার আয়োজন করেছে। শুরুতে এলাকার কিছু মানুষ যাত্রা ও জুয়া খেলা বন্ধ করার জন্য সিংড়া থানার পুলিশকে জানায়। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। গত বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সিংড়ার রাড়নই নদীর তীরে বিলদহরহাট। হাটের পশ্চিমে কবরস্থান, মন্দির ও শ্মশান। শ্মশানের প্রাচীন বটগাছের কাছে টিন দিয়ে বেড়া দিয়ে যাত্রার মঞ্চ তৈরি করা হয়েছে। রাতে এখানে যাত্রার নামে অশ্লীল নৃত্য শুরু হয়। চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রব্বেল জানান, যাত্রা ও জুয়া খেলার আয়োজকেরা কলম ইউনিয়নের বাসিন্দা। তাঁরা কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের লোক হওয়ায় থানা পুলিশকে ম্যানেজ করে এসব কাজ করে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। ক্ষমতার দাপটেই তারা পাশের ইউনিয়নে (চামারী) এসে যাত্রা-জুয়া চালানো শুরু করেছে। কলম ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। মন্দির ও শ্মশান কমিটির সভাপতি দিলীপ কর্মকার জানান, যাত্রার মঞ্চটি অন্যত্র সরিয়ে করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু আয়োজকরা সরকারি দলের লোক হওয়ায় ওখানেই হচ্ছে। তাই ভয়ে কেউ এর প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। আয়াজক কামাল হোসেন বলেন, ‘মেলা উপলক্ষে ছেলেরা একটু আনন্দ-উল্লাস তো করবেই, তাই কিছু মেয়ে এনে গানের আসরের আয়োজন করা হয়েছে। কিছুদিন চলার পরই এ আয়োজন বন্ধ হয়ে যাবে।’সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম ফাইজুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অনেকেই তাঁকে ফোন করেছেন। কিন্তু আয়োজকেরা সরকারি দলের লোক হওয়ায় বন্ধ করা যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হারুন জানান, তিনি বিষয়টি জানেন না। তবে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।