শ্মশানের বুক চিরে লাঙলের ফলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের শ্মশানঘাটের জমি দখল করে নিয়েছে একটি প্রভাবশালী মহল। ওই মহল জোর করে শ্মশানঘাটের সমাধি গুঁড়িয়ে দিয়ে সেখানে চাষবাস শুরু করেছে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ওই শ্মশানঘাটের জমিতে কিছু লোক লাঙল দিচ্ছেন। ওই জমিতে আলু আবাদের প্রক্রিয়া চলছে বলে জানালেন দিনমজুর সোলেমান আলী। কার নির্দেশে শ্মশানঘাটের জমিতে হাল দেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি জানান, পূর্বপাড়া কুন্দল মহল্লার বাসিন্দা আবদুস সাত্তার তাঁকে এ কাজ করতে বলেছেন। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কেবল সাত্তার নন, এলাকার প্রভাবশালী ব্যক্তি মো. নান্নু ও শহীদুল ইসলামরাও শ্মশানঘাটের সমাধি গুঁড়িয়ে দিয়ে প্রায় অর্ধেক জমি দখল করে তাতে লাঙল দিচ্ছেন। গত বুধবার থেকে এ জমি তৈরির কাজ করা হচ্ছে। শ্মশানঘাটের পাশেই রয়েছে নর্দান কোল্ডস্টোরেজ নামের একটি হিমাগার।
ওই হিমাগারের স্বত্বাধিকারী নওশাদ পারভেজ জানান, পাকিস্তান আমল থেকেই এ শ্মশানঘাটে হিন্দু সম্প্রদায়ের লোকেরা মরদেহ দাহ করছেন। অনেকে মরদেহ সমাধিস্থও করেন। তিনি বলেন, ‘হঠাৎ দেখলাম ওই শ্মশানঘাটের জমিতে লাঙল দেওয়া হচ্ছে। দেবোত্তর সম্পত্তি দখলের এ অন্যায় কাজকে কোনোভাবেই সমর্থন করা যায় না।’
শ্মশানঘাটেই কথা হয় সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অমিত কুমার রায়ের সঙ্গে। তিনি জানান, এটা অবশ্যই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতস্বরূপ। এ নিয়ে মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশাসন ব্যবস্থা না নিলে তাঁরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
সৈয়দপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, কুন্দল মৌজার ওই শ্মশানঘাটে জমির পরিমাণ হলো এক একর ২৯ শতক। যে জমিতে চাষ করা হচ্ছে, তা ওই শ্মশানঘাটের এলাকাতেই পড়ে। তবু বিষয়টি তদন্ত করে দেখা হবে।
কুন্দল মৌজার উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) এমদাদুল হক জানান, এর আগে উপজেলা ভূমি কার্যালয় শ্মশানঘাটের চৌহদ্দি নির্দিষ্ট করেছে। যদি কেউ শ্মশানের জমি দখলের চেষ্টা করে, তার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে আবদুস সাত্তার বলেন, ‘আমরা নিজের জমিতে চাষ করছি। এতে কারও কোনো আপত্তি থাকার কথা নয়।’ ওই জমি যদি আপনাদেরই হয়ে থাকে তাহলে এত দিন হিন্দু সম্প্রদায় কীভাবে শ্মশান হিসেবে ব্যবহার করেছে—এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। ছবি তুলতে গেলে দিনমজুরেরা ওই এলাকা থেকে সরে পড়েন। এ ব্যাপারে কথা বলতে মো. নান্নু ও শহীদুল ইসলামের বাসায় গিয়ে তাঁদের পাওয়া যায়নি।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ নিয়ে আমার কাছে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’