শ্মশানের ৪ একর ৬৭ শতক জমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শ বছর বেদখল থাকার পর নড়াইল পৌরসভার কুড়িগ্রাম মহাশ্মশান কালীমন্দিরের ৪ একর ৬৭ শতক জমি গতকাল শুক্রবার উদ্ধার করা হয়েছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহসান হাবীবের নেতৃত্বে মন্দির কমিটি এ জমি উদ্ধার করে।
এলাকাবাসী বলেন, নড়াইলের তৎকালীন জমিদার রতন রায় চৌধুরী কুড়িগ্রাম মৌজার ৯ একর ৩৪ শতাংশ জমি দুই ভাগে ভাগ করে মুসলমানদের কবরস্থানের জন্য ও মহাশ্মশানের জন্য দান করেন। কবরস্থানের জমি সীমানাপ্রাচীর দিয়ে সুরক্ষিত থাকলেও শ্মশানের জমি এলাকার প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে দখল করে নেন।
মহাশ্মশান কালীমন্দির কমিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ ও সহসভাপতি কার্ত্তিক সরদার বলেন, এলাকার প্রভাবশালী সৈয়দ খন্দকার ও হাসান খানসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এই জমি ভোগ করে আসছিলেন।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বেলা দুইটার দিকে হাসান খান ও সৈয়দ খন্দকারের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। পরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
কাউন্সিলর এহসান হাবীব বলেন মন্দির কমিটির লোকজনসহ স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষ ওই জমি দখলে নিয়েছিলেন।