শ্যামনগর ও আশাশুনিতে বাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়ারে নদ-নদীর পানি বৃদ্ধি ও স্রোতের কারণে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার তিনটি স্থানের বাঁধ ভেঙে গেছে। এর মধ্যে গতকাল সোমবার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ২০০ মিটারের বেশি অংশ নদীতে বিলীন হয়ে গেছে। তবে ভাঙন শুরুর পর লোকজন স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ করায় খুব বেশি এলাকা প্লাবিত হয়নি।সিংহড়তলী গ্রামের সুপদ মণ্ডল, গুণধর বিশ্বাস ও রুহিত বিশ্বাস জানান, গতকাল ভোর ছয়টার দিকে গ্রামের ভোলা মণ্ডলের চিংড়িঘেরের স্লুইসগেট-সংলগ্ন পাউবোর বাঁধের ২০০ মিটারেরও বেশি অংশ পাশের মালঞ্চ নদে বিলীন হয়ে যায়। এর দুই পাশে আরও ২০০ মিটারের মতো জায়গায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় তা ভেঙে নদীতে বিলীন হতে পারে—এ আতঙ্কে বাঁধের পাশে বসবাসরত কয়েক শ পরিবার ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে। সিংহড়তলী গ্রামের আয়ুব আলী গাইন, প্রভাষ মণ্ডল, শাহজাহান আলী ও যাদবচন্দ্র মণ্ডল অভিযোগ করেন, ঘূর্ণিঝড় আইলার পর বাঁধের সংস্কার না করে ৫০ মিটার ভেতর দিয়ে নতুন বাঁধ নির্মাণের জন্য তাঁরা পাউবো কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। কিন্তু পাউবো কর্তৃপক্ষ কয়েকজন প্রভাবশালীর চিংড়ি ঘেরে পানি দেওয়ার স্লুইস গেট রক্ষার জন্য বাঁধ যেনতেনভাবে সংস্কার করে। এতে আবারও ভাঙন ধরেছে।আশাশুনির কুড়িকাহনিয়া গ্রামের সমাজকর্মী নূরে আলম ছিদ্দিকি, আনুলিয়া গ্রামের রহিম গাজী, কাপষণ্ডা গ্রামের মনি সরদারসহ কয়েকজন জানান, রোববার দুপুর থেকে খোলপেটুয়া নদীতে প্রবল জোয়ার শুরু হয়। বিকেলে জোয়ারের পানি বেড়ে বেড়িবাঁধের সমান উচ্চতায় আসে। এতে মানিকখালী খেয়াঘাটের বড়দলপাড়ের প্লাটফর্ম ডুবে ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। এ ছাড়া রোববার রাত থেকে বড়দলপাড়ের বাজারের পাশে বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। পাউবো-১-এর আশাশুনির সেকশন অফিসার শাকিল আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভাঙনকবলিত স্থান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।শ্যামনগরের সেকশন অফিসার কৃষ্ণেন্দু বিকাশ রায় জানান, উপজেলা পরিষদের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে জরুরিভিত্তিতে বাঁধ মেরামতের কাজ চলছে। পরে পাউবোর পক্ষ থেকে রিং বাঁধ দেওয়া হবে।