শ্যামনগর ও লোহাগড়ায় তিনজন খুন
সাতক্ষীরার শ্যামনগরে পৃথক ঘটনায় দুজন ও নড়াইলের লোহাগড়ায় একজন খুন হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কালিন্দি গ্রামের শফিউল্লাহ গাজী (৭০) ও সোনাখালী গ্রামের আবদুল আজিজের ছেলে রাশেদুল ইসলাম (২৪) এবং লোহাগড়া উপজেলার সদর ইউনিয়নের চর বকজুড়ি গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (২২)।কৈখালী ইউপির সদস্য আবদুর রশিদ জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে কালিন্দি গ্রামে বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে শফিউল্লাহ গাজীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন তাঁর বৈমাত্রেয় ভাই আবদুল খালেক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।সোনাখালী গ্রামের আবদুল আজিজ জানান, শুক্রবার বিকেলে তাঁর ছেলে রাশেদুল ইসলামের মোটরসাইকেল ভাড়া করে যাত্রীবেশী ছিনতাইকারী চিংড়িখালী গ্রামের আশরাফ আলী ও রমজাননগরের লাল বাবু। গতকাল শনিবার সকালে কপোতাক্ষ নদের ডুমুরিয়া সেতুর নিচে মাছ ধরার সময় জেলেরা তাঁর লাশ উদ্ধার করে পুলিশে খবর দেন। এদিকে লোহাগড়া থানার উপপরিদর্শক তৈয়ব আলী খান জানান, লোহাগড়ার কালনা বাজারের ব্যবসায়ী বিপ্লব মোল্লা গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মোটরসাইকেলসহ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। গতকাল সকালে লোহাগড়া পৌর এলাকার মদিনাপাড়ায় ইটভাটার পাশের পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই গ্রামের সাগর মীরকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে।