শ্যামনগর চিংড়িঘের দখল মামলা নিচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার টাকা না পেয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তালবেড়ে গ্রামের একটি চিংড়িঘের দখল করে নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীরা। তদন্তে ঘটনার সত্যতা মিললেও পুলিশ মামলা নিচ্ছে না। উল্টো ঘের-মালিক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালাক্ষি গ্রামের জিয়াউল হক জানান, তিনি আবাদ চণ্ডীপুর মৌজার পানি উন্নয়ন বোর্ডের অধিভুক্ত সাত একর ও খাস খতিয়ানের ২৬ একর ২৮ শতক জমি ইজারা নিয়ে ২০০৭ সাল থেকে মেসার্স ইসলামিয়া ফিস নামের একটি মৎস্য প্রকল্প পরিচালনা করে আসছেন। পুঁজির সমস্যা হওয়ায় তিনি এ বছর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাবেক উপজেলা ছাত্রসমাজের সম্পাদক জিল্লুর রহমানকে ঘেরের অংশীদার হিসেবে নেন। ১২ জানুয়ারি ওই উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক হাসান মিয়া, বুড়িগোয়ালিনী ইউনিয়নের জাপা কর্মী এমদাদুল হক ও জাপার স্থানীয় সাংসদ এইচ এম গোলাম রেজার ভাগ্নে ফজলুল হক তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি তাঁদের ৫০ হাজার টাকা দেন। বাকি টাকা না দেওয়ায় ১৯ জানুয়ারি ওই তিনজনের নেতৃত্বে ৩০-৩৫ জন সশস্ত্র লোক ঘেরটি দখল করে নেয়। মিজানুর রহমান বলেন, ঘের দখলের বিষয়টি নিয়ে সাংসদের কাছে গিয়েছিলেন। সাংসদ তাঁকে বলেছেন, তিনি ঘেরটি দখল করিয়েছেন।জিয়াউল হক অভিযোগ করেন, এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় অভিযোগ দিলেও পুলিশ অভিযোগটি রেকর্ড করেনি। উল্টো ঘটনার ১৫ দিন পর ২ মার্চ হাসান মিয়া তাঁর ও তাঁর বড় ভাই তোফাজ্জেল হোসেনসহ (৬০) চারজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় চাঁদাবাজির মিথ্যা মামলা করেন। এ মামলায় নয় দিন কারাগারে থাকার পর তিনি জামিন পান। এর আগে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি লিখিতভাবে জানান। কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম তদন্ত করে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন দেন। প্রতিবেদনে ঘেরটি দখল করে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। কিন্তু সাংসদের হস্তক্ষেপের কারণে পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেন জিয়াউল হক।উপজেলা যুবলীগের সদস্য লুৎফর র্রহমান জানান, বর্তমানে জাপা ও আওয়ামী লীগের কর্মীরা মিলে ঘেরটি নিয়ন্ত্রণ করছেন। তিনি আওয়ামী লীগের পক্ষে দেখাশোনা করছেন। জাপা নেতা হাসান মিয়া বলেন, ‘আমি ঘের দখল করিনি, অহেতুক জিয়াউল আমাকে দোষারোপ করছেন।’ ফজলুল হক বলেন, ঘেরটি প্রথমে দখল করা হয়েছিল হাসান মিয়ার নেতৃত্বে। এখন জাপা ও আওয়ামী লীগের লোকেরা মিলে ঘেরটি করছে। তিনি ঘের সম্পর্কে কিছু জানেন না। সাংসদ এইচ এম গোলাম রেজা বলেন, ওই খাসজমি দখলমুক্ত করতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। জাপার কেউ ওই দখলের সঙ্গে জড়িত নয়। দখল করেছে আওয়ামী লীগের লোকেরা। মামলা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রশাসনকে আমি অবৈধভাবে কোনো কিছু করতে বলিনি।’শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার জানান, তিনি মাত্র কয়েক দিন আগে এখানে যোগ দিয়েছেন। বিস্তারিত কিছু জানেন না। জিয়াউল হকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জিয়াউল হকের পক্ষে নতুন করে কোনো অভিযোগ করা হলে সেটি তদন্ত করে দেখা হবে।