শ্যামনগর থানার ওসি প্রত্যাহার
চিকিৎসকদের আন্দোলনের মুখে সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে গত রোববার রাতে প্রত্যাহার করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে একই থানার পরিদর্শক (তদন্ত) মহসীন আলীকে।
সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, প্রশাসনিক কারণে শ্যামনগর থানার ওসি এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে।
১১ সেপ্টেম্বর রাতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) শম্পা রানী সরদারকে তাঁর সহকর্মী আরিফুজ্জামান পলাশের বাসা থেকে কথিত অসামাজিক কাজের অভিযোগে আটক করেন ওসি এনামুল হক। এ সময় শম্পা ও পলাশকে একসঙ্গে ছবি তুলতে বাধ্য করেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাতে তাঁদের থানায় নিয়ে মুচলেকা রেখে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এসব নিয়ে ওসি এনামুল হক সমালোচনার মুখে পড়েন।
গত ২৮ আগস্ট শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি শিশু রোগীর মৃত্যুর ঘটনায় যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি—এ অভিযোগ তুলে শম্পা রানী ছাত্রলীগের কয়েকজন সদস্যের হাতে প্রহৃত হন। এ ঘটনায় শম্পা রানী বাদী হয়ে ওই দিনই মামলা করেন। শম্পা রানীর অভিযোগ, এ ঘটনার জের ধরে ১১ সেপ্টেম্বর ষড়যন্ত্র মূলকভাবে তাঁকে আটক করে থানায় আনা হয়।