শ্যামনগর প্রেসক্লাবে হামলা, সাংবাদিকদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আজ শুক্রবার হামলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রেসক্লাবের জানালা, চেয়ার, টেবিল ও কম্পিউটার। হামলায় ছয়জন সাংবাদিক ও পুলিশের একজন সদস্য আহত হয়েছেন।

অভিযোগ উঠেছে, স্থানীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়।

উপজেলা সদরের মাজাট গ্রামে আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদম আলী নামের ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার  করেছে।

স্থানীয় লোকজনের ভাষ্য, ফুটবল মাঠে বসাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেলে লিয়াকত হোসেনের ভাই আজাদ আলীকে মারধর করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দারের ছেলে রাজীব হায়দার। এর প্রতিবাদে আজ সকাল সাড়ে ১০টার দিকে মাজাট, কাশিপুর, ইসমাইলপুর ও হায়বাদপুর গ্রামের কয়েক শ ক্ষুব্ধ মানুষ মিছিল বের করে। এ সময় তারা জগলুল হায়দার ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবীরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

একপর্যায়ে তারা প্রেসক্লাবে হামলা চালায়। এ সময় প্রেসক্লাবে অবস্থানরত ‘দৈনিক নবরাজ’ পত্রিকার প্রতিনিধি মো. কামরুজ্জামান, ‘যুগের বার্তা’র প্রতিনিধি আনিছুজ্জামান, ‘সত্যপাঠ’-এর প্রতিনিধি ফারুফ হোসেনসহ আকবর কবীর, সিরাজুল ইসলাম ও কামরুল ইসলামকে মারধর করে। একই সঙ্গে তারা প্রেসক্লাব এলাকায় দায়িত্বরত শ্যামনগর থানার সহকারী উপপরিদর্শক জুলিয়াসকেও মারধর করে। পরে লাঠিপেটা করে উত্তেজিত গ্রামবাসীকে সরিয়ে দেয় পুলিশ।

লিয়াকত হোসেন প্রেসক্লাবে হামলায় নেতৃত্ব দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন, প্রেসক্লাবের নেতৃত্ব নিয়ে বিরোধ রয়েছে। এরই জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে।

ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। প্রেসক্লাব ও শ্যামনগর আওয়ামী লীগের সভাপতির বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন।