শ্যামনগর সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার, নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈপটখালীতে সীমান্ত নদী কালিন্দি থেকে গতকাল মঙ্গলবার বাংলাদেশি এক রাখালের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আজগর আলী (২৫) কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের মান্নান গাজির ছেলে।আজগরের সঙ্গে ভারতে যাওয়া এক রাখালের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আজগরকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। বিএএসএফ আরও দুই রাখালকে নির্যাতন করেছে। তারা এখনো দেশে ফেরেনি।নিহত ব্যক্তির স্বজনেরা জানায়, গত শনিবার সন্ধ্যায় নিদয়া গ্রামের আজগর একই গ্রামের সুবিদ আলী, হাফিজুর রহমান ও মাঝেরআটি গ্রামের নুরুল ইসলাম কালিন্দি নদী পেরিয়ে গরু আনতে ভারতে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক দেশে ফিরে আসা এক রাখাল জানায়, সোমবার ভোরে ভারতীয় সীমান্তের কানাইকাটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা শ্রীধরকাটি এলাকা থেকে তাদের চারজনকে আটক করে ব্যাপক নির্যাতন চালায়। এতে আজগরের মৃত্যু হয়। বিএসএফ সদস্যরা পরে তাঁর লাশ কালিন্দি নদীতে ফেলে দেয়। পরে তিনি কৌশলে বিএসএফের হাত থেকে পালিয়ে নদী সাঁতরে দেশে ফেরেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে কালিন্দি নদী থেকে আজগরের লাশ উদ্ধার করা হয়।