শ্যামনগরে আ.লীগ সমর্থকদের বাড়িতে হামলা, লুটপাট
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নের সরদারপাড়ায় বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের ১০ জন সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা পাঁচটি মোটরসাইকেল, স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকাসহ জিনিসপত্র লুট করেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সরদারপাড়ার শহীদুল ইসলাম ও শমশের আলী সরদার জানান, গত মঙ্গলবার রাতে কাশিমারি গ্রামের আওয়ামী লীগের কর্মী শওকত আলী সরদারকে ওই ইউনিয়নের বিএনপির চার নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক স ম আক্তার ফারুকের নেতৃত্বে মারধর করা হয়। এর জের ধরে গতকাল সকাল নয়টার দিকে একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি স ম আক্তার ফারুককে আওয়ামী লীগের কর্মী বিল্লাল সরদারের নেতৃত্বে আটক করে শ্যামনগর থানায় খবর দেওয়া হয়। একপর্যায়ে কৌশলে আক্তার ফারুক পালিয়ে যান।
এ ঘটনার জের ধরে বেলা পৌনে ১১টার দিকে বিএনপির কাশিমারি ইউনিয়ন শাখার সভাপতি আজিজুর সরদার, সহসভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অলিউল্লা মোল্যার নেতৃত্বে ৩০০-৪০০ লোক সরদারপাড়ায় হামলা চালায়। হামলাকারীরা বিল্লাল সরদার, মহব্বত সরদার, শওকত সরদার, রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, লিয়াকত আলী, রহুল আমিন, শমশের আলী সরদার, আবু সাঈদ ও আবদুল ওহিদ সরদারের বাড়ি থেকে পাঁচটি মোটরসাইকেল, সোনার গয়না লুট করে। তারা লিয়াকত আলীর বাড়ির পাচিলসহ উল্লিখিত সবার ঘরের আসবাব ভাঙচুর করে এবং আবদুল ওহিদ সরদারের বাড়ি থেকে সোলার প্যানেল খুলে নিয়ে যায়।
বিএনপির কাশিমারি ইউনিয়নের সহসভাপতি আনোয়ার হোসেন জানান, চিংড়ি ঘের থেকে গতকাল সকাল নয়টার দিকে আক্তার ফারুক বাড়ি ফেরার সময় আওয়ামী লীগের কর্মী বিল্লাল সরদারের নেতৃত্বে ৪০-৫০ জন তাঁকে বেধড়ক মারধর করে একটি ঘরে আটকে রাখে। এ খবর পেয়ে তাঁরা ৩০০-৪০০ লোক গিয়ে তাঁকে ছাড়িয়ে আনেন। এ সময় বিএনপির উত্তেজিত কর্মী-সমর্থকেরা একটি বাড়ির পাচিলসহ কয়েকটি বাড়িতে সামান্য ভাঙচুর করেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আক্তার ফারুক চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে ওই মামলায় তিনি পলাতক রয়েছেন। বিল্লাল সরদারের নেতৃত্বে আক্তার ফারুককে আটক করে পুলিশকে খবর দেওয়ার জের ধরে শতাধিক মানুষ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তারা জিনিসপত্রও লুট করেছে।