শ্যামনগরে আবার বাঘ পিটিয়ে মারল গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনসংলগ্ন লোকালয়ে আসা আরও একটি বাঘ গ্রামবাসীর হাতে প্রাণ দিল। গতকাল শনিবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন গ্রাম গোলাখালীতে লোকজন বাঘটিকে পিটিয়ে মারে। এর আগে বাঘটি গ্রামে হানা দিয়ে নয়টি ছাগল মেরে ফেলে ও দুই গ্রামবাসীকে জখম করে।গোলাখালী গ্রামের তিন দিকেই সুন্দরবন। মাঝেমধ্যেই খাদ্যের সন্ধানে বাঘ এসে হানা দেয় এই গ্রামে। গ্রামের মো. ইউছুপ আলী ও বেল্লাল হোসেন জানান, জঙ্গল থেকে একটি বাঘিনী শুক্রবার ভোররাত চারটার দিকে গ্রামে ঢোকে। টের পেয়ে বন বিভাগের সহযোগিতায় গঠিত স্বেচ্ছাসেবক দল ‘টাইগার রেসপন্স টিমের’ সদস্য ও লোকজন বাজি ফুটিয়ে ও হল্লা করে বাঘটিকে বনে ফিরতে বাধ্য করে। ওই দিন রাত নয়টার দিকে বাঘটি আবার গ্রামে ঢোকে। এবারও তাকে বনে তাড়িয়ে দেওয়া হয়। রাত তিনটার দিকে বাঘটি তৃতীয়বার গ্রামে ঢুকে গোপাল মোড়লের নয়টি ছাগল মেরে ফেলে। একপর্যায়ে বন বিভাগের লোক এসে বাঘটিকে বনে ফেরত পাঠাতে ১০০ রাউন্ডের বেশি ফাঁকা গুলি ছোড়ে। ভোর সাড়ে পাঁচটার দিকে বাঘটি বনের দিকে যাওয়ার পথে একটি চিংড়িঘেরে কর্মরত নজরুল ইসলাম ও দুখে মোড়লের ওপর হামলা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী একে পিটিয়ে হত্যা করে।আহত নজরুলকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ও দুখে মোড়লকে স্থানীয়ভাবে চিকিৎ সা দেওয়া হয়েছে। গোলাখালী ও পাশের কালিঞ্চী গ্রামের দুজন বাসিন্দা অভিযোগ করেন, বাঘটি বেশ কয়েক ঘণ্টা আগে প্রথম হানা দিলেও তার আবার লোকালয়ে ঢোকা ঠেকাতে বন বিভাগ সময়মতো কিছু করেনি। টাইগার রেসপন্স দলের সদস্য আবদুর রহিম, মো. আবদুল্লাহ ও হযরত মোল্লা অভিযোগ করেন, অনেক সময় পাওয়ার পরও বন বিভাগের সদস্যরা বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ট্রাংকুলাইজার গান (চেতনানাশক ইনজেকশন পুশ করার বন্দুক) নিয়ে আসেননি। সময়মতো ওই বিশেষ বন্দুক ব্যবহার করতে পারলে বাঘটিকে জীবিত বনে ফেরত পাঠানো যেত। কৈখালী স্টেশনের বন কর্মকর্তা আবুল হোসেন প্রথম আলোকে বলেন, লোকালয়ে বাঘ ঢোকার খবর পেয়েই তাঁর নেতৃত্বে একটি দল রাত চারটার দিকে গোলাখালী গ্রামে পৌঁছায়। তাঁরা বাঘটিকে বনে ফেরত পাঠানোর চেষ্টা করছিলেন। কিন্তু বনের দিকে যাওয়ার সময় বাঘটি দুই ব্যক্তির ওপর হামলা চালায়। এতে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী বাঘটিকে পিটিকে হত্যা করে। চেষ্টা করেও তাদের থামানো যায়নি। ঠেকাতে গিয়ে গ্রামবাসীর হাতে তাদের শারীরিকভাবে লাঞ্ছিতও হতে হয়েছে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, ট্রাংকুলাইজার গান বুড়িগোয়ালিনীতে ছিল। সেখান থেকে বন্দুক আনতে ঘণ্টা খানেক সময় লাগত। কিন্তু ক্ষুব্ধ গ্রামবাসী সময় দেয়নি। বাঘ হত্যার ব্যাপারে মামলা করা হবে বলে জানান তিনি।লোকালয়ে আসা একটি বাঘকে আটকের পর চেতনানাশক ইনজেকশন পুশ করে গত ২০ ফেব্রুয়ারি সফলভাবে সুন্দরবনে ছেড়ে দেয় বন বিভাগ ও টাইগার রেসপন্স দলের সদস্যরা। সুন্দরবনের খুব কাছ ঘেঁষা জনপদগুলোতে বাঘের হানা দেওয়ার ঘটনা বরাবরই ঘটে থাকলেও সেটাই ছিল এযাবৎ প্রথম কোনো বাঘকে অজ্ঞান করে বনে ফেরতের ঘটনা। বন কর্মকর্তা আবুল হোসেন জানান, নিহত বাঘটির উচ্চতা তিন ফুট ও লেজসহ দৈর্ঘ্য প্রায় সাড়ে আট ফুট। বয়স প্রায় ১২ বছর। পশুটির মৃতদেহ গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে চামড়া ছাড়িয়ে কালাগাছি টহল ফাঁড়ি এলাকায় পুঁতে ফেলা হয়।ময়নাতদন্তকারী শ্যামনগর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার রায় জানান, বাঘিনীটি খুবই ক্ষুধার্ত ছিল। দীর্ঘদিন ধরে সে যকৃৎ ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল। বিশেষজ্ঞদের মতে, কোনো কারণে অসুস্থ বা অতি বৃদ্ধ বাঘই সাধারণত মানুষ বা গবাদিপশুর মতো সহজ শিকারের ওপর হামলা করে।