শ্যামনগরে এবার দুই বাঘের গর্জন
কয়েক দিনের ব্যবধানে সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এবার দুটি বাঘ গর্জন শুরু করেছে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। মীরগাং গ্রামের আবদুস সামাদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, তিন-চার দিন ধরে দুটি বাঘ গ্রামের আড়পারে (নদীর অপর পাশের সুন্দরবন অংশে) গর্জন করছে। ওই এলাকায় নদী মাত্র ৭০-৭৫ গজ প্রশস্ত। যেকোনো মুহূর্তে বাঘ দুটি নদী পার হয়ে লোকালয়ে চলে আসতে পারে। গ্রামবাসী বাঘের আক্রমণের আতঙ্কে রয়েছে।এর আগে গত ৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত একটি বাঘ সুন্দরবন থেকে বের হয়ে উপজেলার গোলাখালী গ্রামে অবস্থান করে। বন বিভাগ ও টাইগার রেসপন্স দলের সদস্যরা চেষ্টা করেও বাঘটিকে বনে ফেরত পাঠাতে পারেননি। একপর্যায়ে বাঘটি আপন খেয়ালে সুন্দরবনে চলে যায়। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মীরগাং টহল ফাঁড়ির কর্মকর্তা মশিয়ার রহমান জানান, এবার জোড়া বাঘের গর্জনের খবরে বন বিভাগ সতর্ক অবস্থায় রয়েছে। বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় লোকজনকে সতর্ক করা হয়েছে।