শ্যামনগরে খোলা আকাশের নিচে ১৫টি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিংহড়তলী এলাকায় নদীগর্ভে বিলীন হওয়া অংশে বৃহস্পতিবার পাউবোর বাঁধের নির্মাণকাজ শুরু হয়েছে। ভাঙনের বিস্তৃতি ঠেকাতে ওই এলাকার স্লুইসগেট বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে বসতভিটার ওপর দিয়ে বাঁধ নির্মাণের ফলে গৃহহীন হয়ে পড়া পরিবারগুলো বাঁধের ওপর খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। মালঞ্চ নদের জোয়ারের পানির চাপে গত সোমবার সকালে সিংহড়তলী এলাকায় পাউবোর বাঁধের ২০০ মিটার ওই নদীতে বিলীন হয়। ভাঙনকবলিত অংশের ২০ মিটার ভেতর দিয়ে বৃহস্পতিবার নতুন করে ওই অংশে বাঁধ নির্মাণের কাজ শুরু করে পাউবো। ইতিমধ্যে পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা পাউবোর শাখা কর্মকর্তা কৃষ্ণেন্দু বিকাশ সরকার জানান, ভেঙে যাওয়া অংশ বাদ দিয়ে নতুনভাবে বাঁধ নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ শুরু হয়েছে এবং ভাঙনের ভয়াবহতা ঠেকাতে ৫০ মিটার এলাকাজুড়ে জিও ব্যাগ ফেলা হবে। তিনি আরও জানান, ওই অংশে নতুনভাবে ১১ ফুট উঁচু বাঁধ নির্মাণ করা হচ্ছে। এদিকে ভাঙনকবলিত বাঁধের ভেতরে বসবাসকারী তপন, স্বপন, কিশোরী লাল, যতীন্দ্র, সুপদ মণ্ডল ও মিনতী মণ্ডলসহ গৃহহীন হয়ে পড়া পরিবারগুলো জানিয়েছে, ওই এলাকায় ১৫টি পরিবারের বসতঘরের ওপর দিয়ে নতুন করে বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই। বর্তমানে তারা পাশের রাস্তার ওপর খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। সিংহড়তলী গ্রামের তপন মণ্ডলের স্ত্রী মিনতী রানী (৩২) বলেন, ‘বাঁধ তৈরির জন্য আইলার পর সাহায্য হিসেবে পাওয়া তাঁর বসতঘরটি ভেঙে ফেলতে হয়েছে। সবাই বাঁধ নিয়ে ব্যস্ত থাকলেও আমাদের কথা কেউ ভাবছে না।’এদিকে অব্যাহত ভাঙনের হাত থেকে রক্ষা পেতে আশপাশের সব স্লুইসগেট বন্ধের দাবি জানিয়ে ভুক্তভোগীরা বলেছেন, বাঁধ কেটে চিংড়িঘেরে লোনা পানি ওঠানোর ফলে তাঁরা বারবার নদীভাঙনের শিকার হচ্ছেন।