শ্যামনগরে ঘের দখল নিয়ে হামলা ও সংঘর্ষে নিহত ১, আহত ২০
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামে গতকাল মঙ্গলবার চিংড়িঘের দখল নিয়ে বিরোধের জের ধরে হামলা ও সংঘর্ষে পশুপতি বরকন্দাজ নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। আহত ব্যক্তিদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চুনকুড়ি গ্রামের ৩৪৫ বিঘা জমিতে একটি চিংড়িঘের করে আসছেন ঢাকার এক ব্যক্তি। তিনি ঢাকা থেকেই লোকজন দিয়ে ঘের পরিচালনা করেন। তবে ঘেরের জমির মালিকদের অনেকে আর ঘের করতে জমি দিতে না চাইলেও তাঁদের জমি ফিরিয়ে দেওয়া হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে চুনকুড়ি গ্রামের অরবিন্দু মণ্ডল সম্প্রতি আদালতে মামলা করেন। আদালত অরবিন্দুকে তাঁর ২২ বিঘা জমি ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেন। এরপর ঘের মালিকের প্রতিনিধি পশুপতি বরকন্দাজকে জমি ফেরত দিতে বলেন অরবিন্দু। কিন্তু তিনি জমি ফেরত দিতে আপত্তি করেন। উপরন্তু জমির মালিকেরা জমি দখল করতে পারেন অভিযোগে গত সোমবার শ্যামনগর থানায় একটি মামলা করেন পশুপতি। মামলায় জমির মালিক চুনকুড়ি এলাকার আবদুর রাজ্জাক, আবদুর রউফ, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ ১৩ জনকে আসামি করা হয়। গতকাল সকাল ১০টার দিকে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনা তদন্তে ওই চিংড়িঘেরে যায়। এ সময় পুলিশের উপস্থিতিতে পশুপতির লোকজন জমির মালিকদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন সামান্য আহত হন।পুলিশ ঘের এলাকা থেকে চলে আসার পরপরই বেলা ১১টার দিকে আবদুর রাজ্জাক, আলমগীর মোড়ল, জাকির হোসেন, ছামাদ মোড়ল, আবদুর রউফসহ ৪০-৫০ জন জমির মালিক একত্র হয়ে রামদা, দেশীয় অস্ত্র, বন্দুক নিয়ে পশুপতি ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। এ সময় পশুপতি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। জমির মালিকেরা ওই বাড়িতে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন। এ ছাড়া জমির মালিকদের হামলায় চুনকুড়ি গ্রামের জাহাঙ্গীর মোড়ল, আলমগীর হোসেন, জাকির হোসেন, মাহাবুব মোড়ল ও তাঁর স্ত্রী তাছলিমা খাতুন, আয়ুব আলী, আনিসুজ্জামান, আবদুল আজিজ মোড়ল, মোশারফ হোসেনসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহত ব্যক্তিরা সবাই পশুপতির পক্ষের লোক। তাঁদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।