শ্যামনগরে জমি দখলে নিতে হামলা আহত ৭, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ চিংড়িঘেরের জমি দখলে নিতে হামলায় সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পারশেমারী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী জানান, পারশেমারী গ্রামে আবদুল মজিদ ৩৪০ বিঘা জমিতে চিংড়ির চাষ করে আসছেন। গত বুধবার রাতে গাংড়ামারী গ্রামের আসাদুল্লা-আল-গালিব ওই ঘের দখল করার জন্য বিভিন্ন এলাকা থেকে ৩০-৪০ জনকে নিয়ে আসেন। গতকাল সকাল আটটার দিকে তাঁরা বোমার বিস্ফোরণ ঘটাতে ঘটাতে চিংড়িঘের দখলে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে আবদুল মজিদ এলাকার কয়েক শ মানুষ নিয়ে ওই এলাকায় গেলে তাঁরা পালিয়ে যান।
আসাদুল্লা-আল-গালিব জানান, ২০০৯ সাল থেকে তিনি পারিবারিক ১৩০ বিঘা এবং ২০ বিঘা জমি ইজারা নিয়ে চিংড়ির চাষ করে আসছিলেন। গত জানুয়ারিতে আবদুল মজিদ ও লক্ষ্মীখালী গ্রামের সাইফুল জোয়ার্দার তাঁর ঘের দখল করেন। গতকাল বৃহস্পতিবার ওই ঘের তাঁরা দখল করতে গেলে আবদুল মজিদ বন্দুক দিয়ে তাঁদের দিকে তিনটি গুলি করেন।
আবদুল মজিদ দাবি করেন, নিজের ৯০ বিঘা ও ২৫০ বিঘা জমি ইজারা নিয়ে তিনি দীর্ঘদিন ওই জমিতে চিংড়ির চাষ করে আসছেন। সাইফুল জোয়ার্দারের জমি ইজারা নিয়ে আসাদুল্লা-আল-গালিব ঘের করতেন। তাঁরা ওই জমি নিজেরা ঘের করার জন্য দখলে নিয়েছেন। ওই দখলের পেছনে তাঁর হাত থাকতে পারে, এ সন্দেহে সাইফুল জোয়ার্দারের পাশাপাশি তাঁর ঘেরও দখলের চেষ্টা করেন। কোনো ধরনের সংঘর্ষে যাননি। বন্দুক দিয়ে গুলি করার প্রশ্নই আসে না।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগীর মিয়া জানান, চিংড়িঘের আবদুল মজিদ ও সাইফুল জোয়ার্দারের দখলে ছিল। ওই জমি নিয়ে গালিব ও সাইফুল জোয়ার্দারের মধ্যে মামলাও রয়েছে। তবে গতকাল সেখানে কোনো সংঘর্ষ হয়নি।
এ ঘটনায় আসাদুল-আল-গালিব (৬০), সাহেব আলী (৪০), মুজিবুল্যা জোয়ার্দার (২৮), সুমন গাজী (৩০), ডুমুরিয়া গ্রামের এমদাদ হোসেনসহ (৩৫) আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।